এফবিআই হ্যাকে কিশোর আটক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এফবিআই এর নেটওয়ার্ক হ্যাকিংয়ের সন্দেহে স্কটল্যান্ডের গ্লাসগো শহর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্কুল পড়ুয়া ১৫ বছর বয়সী ওই কিশোরকে 'কম্পিউটার মিসউইজ অ্যাক্ট’ লংঘন করার দায়ে আটক করা হয়েছে। এই আইন অনুসারে অবৈধভাবে কম্পিউটার ম্যাটিরিয়াল হ্যাক করা হলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়।
সংবাদমাধ্যম ডেইলি রেকর্ড জানিয়েছে, আটক হওয়া কিশোরকে পুলিশ স্টেশনে রাখা হয়েছিল এবং তাকে স্কটল্যান্ডের পুলিশ এবং এফবিআই-এর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্কটল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “চলতি বছর ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগো শহর থেকে ১৫ বছর বয়সী এই কিশোরকে ‘কম্পিউটার মিসউইজ অ্যাক্ট ১৯৯০’ লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।”
তিনি আরও বলেন, “জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হলেও তার নামে সরকারিভাবে অভিযোগ করা হয়েছে।”
এই আটকের সঙ্গে এফবিআই জড়িত ছিল কিনা সে সম্পর্কে কিছু জানায়নি স্কটল্যান্ড পুলিশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক ইমেইল হ্যাক করে ২০ হাজার এফবিআই কর্মীর গোপন ডেটা চুরি করে নেয় এক হ্যাকার। এফবিআই কর্মীদের পাশাপাশি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ৯ হাজার কর্মীর ডেটাও চুরি করে নেওয়া হয় এতে। সেই সঙ্গে আর দুই মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মীদের ওই সব ডেটা অনলাইনে ফাঁসও করে দেওয়া হয়।
