চীনের সঙ্গে অ্যাপল পে-এর জোট
চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক কার্ড সংস্থা চায়না ইউনিয়ন পে-এর সঙ্গে জোট বেঁধেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এখন থেকে কার্ডহোল্ডারদের অ্যাপল পে ব্যবহারের সুযোগ দেবে চীনা প্রতিষ্ঠানটি।
২০১৫ সালেই এই দুই প্রতিষ্ঠানের জোট বাঁধার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তখনও বেশ কিছু অনুমোদনের প্রয়োজন ছিল।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ব্যবসার পরিসর বাড়ানোর এ খবর নিশ্চিত কিরেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, "আপনি এখন চীনের ক্রেতাদের অ্যাপল প্লে-এর মাধ্যমে সুবিধা দিতে পারবেন, এর মাধ্যমে তাদের চায়না ইউনিয়ন পে-এর ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড ব্যবহার করেই তারা সহজে, নিরাপদে এবং ব্যক্তিগতভাবে অর্থ পরিশোধ করতে পারবেন।"
বৃহস্পতিবার নিজের উইবো অ্যাকাউন্ট থেকে চীনে অ্যাপল পে চালু করার ঘোষণা দিয়েছেন অ্যাপল প্রধান। উইবো হচ্ছে জনপ্রিয় চীনা মাইক্রোব্লগিং সাইট।
চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না (আইসিবিসি)-সহ ২০টির মতো চীনা আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন অ্যাপল পে ব্যবহার করে করা যাবে, অনেকগুলো প্রতিবেদনে এমন খবর বেরিয়েছে বলে জানিয়েছে বিবিসি। কিন্তু এ বিষয়ে, লিখিত অনুসন্ধানে আইসিবিসি-এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
বর্তমানে চীনে ৬৮ শতাংশ মানুষের অন্তত একটি স্মার্টফোন আছে। আর এ কারণে ডিজিটাল ওয়ালেট সেবার বাজারও বৃদ্ধি পাচ্ছে। এই ক্রমবর্ধমান বাজারে সবচেয়ে বেশি আধিপত্য বজায় রাখা আলিবাবার আলিপে আর টেনসেন্ট-এর উইচ্যাট পেমেন্ট-এর মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অ্যাপল পে ব্যবহারকারীর সংখ্যা খুব একটা বেশি হবে না বলে মনে করেন বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি-এর বিশ্লেষক ব্রায়ান মা।
তিনি বলেন, "এটা আংশিক, কারণ আলিবাবা আর টেনসেন্ট-এর লেনদেন ব্যবস্থা অর্থ লেনদেনের মতো অনেক কাজে ব্যবহার করা যায়, যেখানে অ্যাপল পে হয়তো শুধু খুচরা বেচাকেনা আর অ্যাপ স্টোরের বেচাকেনার অর্থ পরিশোধে সীমাবদ্ধ থাকবে।"
