অ্যাপল সমর্থনে স্নোডেন
অ্যাপলকে সমর্থনে সুর দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এনএসএ-এর সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন। আইফোন আনলকের মাধ্যমে এফবিআই-কে সহায়তা করতে দেওয়া আদালতের নির্দেশের বিরোধিতা করেছে প্রযুক্তি জায়ান্ট। এই বিরোধী মনোভাবেই সমর্থন জুগিয়েছেন তিনি।
এক টুইট বার্তার মাধ্যমে অ্যাপলের সঙ্গে একমত তিনি প্রকাশ করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ওই টুইট বার্তায় স্নোডেন লিখেছেন, “এফবিআই এমন একটি জগত তৈরি করছে যেখানে গ্রাহকরা নিজ অধিকার রক্ষার জন্য অ্যাপলের উপর নির্ভর করছেন, অথচ বিষয়টি উল্টো হওয়ার কথা ছিল।”
সম্প্রতি তদন্তের স্বার্থে এফবিআই-কে সহায়তা করার জন্য অ্যাপল-কে নির্দেশ দেয় মার্কিন এক আদালত। ফেব্রুয়ারির ১৬ তারিখ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের আদালতের এক বিচারক জানান, স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের মূল হোতা সৈয়দ রিজোয়ান ফারুক-এর আইফোনের এনক্রিপশন ভাঙতে আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে।
আপত্তি থাকলে তা জানানোর জন্য ৫দিন সময়ও দেওয়া হয়েছিল মার্কিন এই টেক জায়ান্টকে। কিন্তু নিজ সিদ্ধান্ত জানাতে ৫ দিন সময়ও নেয়নি অ্যাপল। একদিন পরেই ১৭ ফেব্রুয়ারি নিজ সিদ্ধান্তে অ্যাপল জানিয়ে দিয়েছে, এই কাজে আইনপ্রয়োগকারীদের সহায়তা করবে না তারা।
এখন প্রতিষ্ঠানটি এ বিষয়ে পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, আর সে প্রস্তুতিতে অ্যাপলের সঙ্গে এসে যোগ দিয়েছে সিলিকন ভ্যালির শক্তিশালী অন্যান্য অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান। এদের মধ্যে রয়েছে এসিএলইউ এবং ডেল, গুগল, হিউলেট প্যাকার্ড, ফেইসবুক, মাইক্রোসফট, নোকিয়া ইত্যাদি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ব্যবসায়িক গ্রুপ ইনফর্মেশন টেকনলজি ইন্ডাস্ট্রি কাউন্সিল।
অন্যদিকে গ্রাহকদের উদ্দেশ্যে এক চিঠিতে অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, “আইফোনের একটি ব্যাকডোর' বানাতে আমাদেরকে অনুরোধ করেছে এফবিআই। সরকার অ্যাপলকে তাদেরই গ্রাহকদের হ্যাক করতে আর কয়েক দশক ধরে আমাদের গ্রাহকদের সুরক্ষায় ব্যবহৃত উন্নত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার আহ্বান জানিয়েছে। এই গ্রাহকদের মধ্যে উচ্চ মানের হ্যাকার থেকে শুরু করে সাইবার অপরাধীদের মতো মানুষসহ কোটি মার্কিন নাগরিক রয়েছেন। কোনো আমেরিকান প্রতিষ্ঠানকে তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করে তাদের বড় ধরনের ঝুঁকিতে ফেলে দিতে চাপ দেওয়া হয়েছে, এর আগে আমরা এমন কোনো নজির খুঁজে পাইনি।”
