২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ও এফবিআই লড়াই প্রসঙ্গে পিচাই

সম্প্রতি এক আইফোন এনক্রিপশনকে কেন্দ্র করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে অ্যাপলের যে লড়াই শুরু হয়েছে, তাতে অ্যাপলের পক্ষ নিয়েছেন গুগল প্রধান নির্বাহী সুন্দার পিচাই। এ বিষয়ে বেশ কয়েকটি টুইট করেছেন পিচাই এবং সেখানে নিজ মতামত জানিয়েছেন তিনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

পিচাই ওই ধারাবাহিক টুইট বার্তায় লিখেছেন, “আইনপ্রয়োগকারী সংস্থা বৈধভাবে প্রযুক্তি প্রতিষ্ঠানকে নিজ গ্রাহকের ভিাইস ও ডেটা হ্যাক করতে বাধ্য করার চেষ্টা করছে। সম্পূর্ণ বিষয়টি ‘বাজে নজির’ সৃষ্টি করতে পারে।”

অ্যাপলকে আদালত এক তদন্তের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে। কিন্তু ওই নির্দেশ মানা আর নিজ গ্রাহকের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা একই বিষয় বলে মনে করছে অ্যাপল। আর তাই প্রতিষ্ঠানটি এ বিষয়ে সহযোগিতা করবে না বলে জানিয়েছে।

সম্পূর্ণ বিষয়টি আরও বহুদূর গড়াতে পারে কারণ অ্যাপল নিজ সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গে ‘সিলিকন ভ্যালি’ বনাম ‘রাজনীতিবিদ’ -দুটি দল তৈরি হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। অ্যাপলের পাশে ইতোমধ্যেই মাইক্রোসফট, গুগল, ফেইসবুক ইত্যাদি শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এসে দাঁড়িয়েছে। সামনে বিষয়টি নিয়ে অ্যাপলকে আদালতে লড়তে হতে পারে বলেই জানিয়েছে ব্যবসা, তারকা ও প্রযুক্তিবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার।

অ্যাপলের পক্ষ নেওয়া প্রসঙ্গে পিচাইয়ের ভাষ্য হচ্ছে, “আমরা অ্যাপলকে সমর্থন করি এবং যখন প্রয়োজন পড়বে তখন আইনপ্রয়োগকারী সংস্থাকেও সাহায্য করতে রাজি আমরা, কিন্তু সরকারের জন্য কোনো ‘ব্যাকডোর’ তৈরি করে দিতে রাজি নই।”