বর্ণ, লিঙ্গ বৈষম্যে মার্কিন প্রযুক্তিখাত
প্রযুক্তিবিষয়ক স্টার্টআপগুলোতে কৃষ্ণাঙ্গ নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ খুবই কম, সাম্প্রতিক এক গবেষণায় এমনটাই জানা গেছে। প্রজেক্টডায়ান (#ProjectDiane) নামের এই প্রকল্পে ব্যবসায় খাতে কৃষ্ণাঙ্গ নারীদের উদ্যোগের অবস্থা কী তা নিয়ে গবেষণা চালানোয় হয়।
এই গবেষণায় নেতৃত্ব দেন ডিজিটালআনডিভাইডেড-এর প্রতিষ্ঠাতা ক্যাথরিন ফিনি। ডিজিটালআনডিভাইডেড একটি সামাজিক প্রতিষ্ঠান যারা নতুন নেতৃত্ব ও উদ্যোক্তা খুঁজে বের করতে ও প্রশিক্ষণ দিতে কাজ করে থাকে।
গবেষণায় দেখা যায়, কৃষ্ণাঙ্গ নারীদের অধীনে রয়েছে এমন স্টার্টআপের সংখ্যা মাত্র ৮৮। সে হিসাব অনুযায়ী ২২০০ নারী নেতৃত্বাধীন প্রযুক্তি স্টার্টআপের যে প্রত্যাশা করা হয়, তার মাত্র ৪ শতাংশ পূরণ হয়েছে।
“আমরা এই সংখ্যাটি আরও বেশি হবে বলে আশা করেছিলাম”, সিএনএনকে বলেন ক্যাথরিন।
গবেষণায় আরও জানা যায়, একজন কৃষ্ণাঙ্গ নারী প্রতিষ্ঠাতার জন্য গড়ে মাত্র ছত্রিশ হাজার ডলার তহবিল দেওয়া হয়। অথচ ব্যর্থ স্টার্টআপের জন্যও গড়ে ১৩ লক্ষ ডলার তহবিল সংগ্রহ করা যায়, যার বেশিরভাগই শ্বেতাঙ্গ পুরুষদের মালিকানাধীন। ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে মাত্র দশমিক দুই শতাংশ কৃষ্ণাঙ্গ নারী নতুন স্টার্টআপ প্রতিষ্ঠার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
৮৮টি স্টার্টআপের মধ্যে মাত্র এগারটি দশ লাখ ডলার বা এর থেকে বেশি অর্থ সংগ্রহে সক্ষম হয়েছে। আবার এই এগারটির মধ্যে নয়টিই টেক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে।
বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় সেখানে শ্বেতাঙ্গদের সংখ্যা তুলনামুলকভাবে বেশি। টুইটারে মোট কর্মকর্তার মধ্যে মাত্র ২ শতাংশ আর অ্যাপলে ৮ শতাংশ কৃষ্ণাঙ্গ।
"যদি বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কৃষ্ণাঙ্গ নারীরা কাজ না পায়, তাহলে তাদের প্রযুক্তি উদ্যোক্তা হওয়ার 'পাইপলাইন'-ই কেটে ফেলা হয়", নিজের উদ্বেগ প্রকাশে এমনটাই বলেন ক্যাথরিন।
প্রযুক্তি ব্যবসায় কৃষ্ণাঙ্গ নারীদের অংশগ্রহণ কম হলেও, তার মানে এই না যে তারা ব্যবসা খাতে যুক্ত নয়। কারণ যুক্তরাষ্ট্রে প্রায় পনের লক্ষ ব্যবসা কৃষ্ণাঙ্গ নারী দ্বারা পরিচালিত হয়।
১৯৯৭ সালের পর থেকে এখন পর্যন্ত কৃষ্ণাঙ্গ পুরুষ পরিচালিত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯৩ শতাংশ, যেখানে কৃষ্ণাঙ্গ নারীদের অধীনে থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩২২ শতাংশ।
