২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশপন্থী 'মাজার' ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ফোন

টেক্সট মেসেজের মাধ্যমে ছড়াতে পারবে এমন একটি শক্তিশালী অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা শনাক্ত করেছে একটি ড্যানিশ নিরাপত্তা প্রতিষ্ঠান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

'মাজার' নামের এই ম্যালওয়্যার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে হ্যান্ডসেটে থাকা তথ্য মুছে ফেলা, কল করা, টেক্সট পড়ার মত কাজ সম্পাদনে সক্ষম। শুধু তাই নয়, এই ম্যালওয়ার থেকে বাঁচতে ব্যবহারকারীদের তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিংস ঠিক করে রাখতে হবে, যাতে বিশ্বস্ত সূত্র ছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো সফটওয়্যার ইনস্টল হতে না পারে।

ডেনমার্কে এক লাখেরও বেশি ফোনে এই ম্যালওয়ার পাঠানো হয়ে থাকতে পারে বলে মনে করছে নিরাপত্তা প্রতিষ্ঠা হেইমডাল। তবে, অন্যান্য দেশের ব্যবহারকারীদের ফোনে ভাইরাসসমৃদ্ধ এই মেসেজ পাঠানো হয়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নয় প্রতিষ্ঠানটি। এই প্রথমবার 'মাজার' এত বিস্তৃত পরিসরে শনাক্ত করা হয়েছে বলে মনে করেন তারা।  

শুধু ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষমতাই নয়, সেই সঙ্গে ‘ভাষাজ্ঞান’ও আছে অ্যাপটির! বিবিসি জানিয়েছে, ফোনের অপারেটিং সিস্টেমে রুশ ভাষা ব্যবহার করা হয় এমন কোনো ফোনে ইনস্টল হয় না এটি। হেইমডাল প্রধান মর্টান কায়েরসগার্ড-এর ভাষ্যমতে, এর আগে কম্পিউটার ভাইরাসের ক্ষেত্রেও এমন ক্ষমতা শনাক্ত করা গেছে।

তিনি বলেন, "এটি অনেক ক্ষতিসাধন করতে পারে- হয়তো এর ফলে ফোনে অনেক বড় অংকের বিল আসতে পারে যার জন্য গ্রাহক দায়ী হবেন।"

এই ভাইরাস এর হাত থেকে বাঁচতে টেক্সটে মেসেজে পাওয়া কোনো লিঙ্কে কখনো ক্লিক না করার পরামর্শ দিয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠানটি। এমনকি, পরিচিত কারো কাছ থেকে পাঠানো কোনো টেক্সটেও কোনো লিঙ্ক থাকলে, তা ক্লিক করার বেলায় সতর্কতা অবলম্বন করা উচিত বলে পরামর্শ দিয়েছেন তারা।