ক্রাউডফান্ডিংয়ে ‘জেডএক্স স্পেকট্রাম ভেগা+’
খুব বেশিদিন হয়নি ক্লাসিক ভিডিও গেইম কনসোল ‘জেডএক্স স্পেকট্রাম’ পুনরায় আবারে বাজারে নিয়ে এসেছে রেট্রো কম্পিউটার। এখন প্রতিষ্ঠানটি কনসোলটির একটি পোর্টেবল সংস্করণ নিয়ে আসার ঘোষণা দিয়েছে।
স্যার ক্লাইভ সিনক্লেয়ার প্রথম কনসোলটি তৈরি করেছিলেন, রেট্রো কম্পিউটারস-এ তার শেয়ার রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। পোর্টেবল সংস্করণের ওই কনসোলটির তহবিল সংগ্রহের জন্য ক্রাউডফান্ডিং প্লাটফর্ম ইন্ডিগোগো-তে ‘ভেগা+’ নামে একটি প্রকল্প লঞ্চ করা হয়েছে।
ইন্ডিগোগো প্লাটফর্মের মাধ্যমে এক লাখ পাউন্ড সংগ্রহ করতে চাচ্ছে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত ৪৪,৭৮০ পাউন্ড সংগ্রহ হয়েছে। তহবিল ঠিকমতো সংগ্রহ করতে পারলে এক হাজার গেইমসহ ‘ভেগা+’ বাজারে নিয়ে আসবে এর নির্মাতা প্রতিষ্ঠান।
ইন্ডিগোগো প্রোডাক্ট পেইজে রেট্রো কম্পিউটারস জানিয়েছে, পোর্টেবল সংস্করণের ওই ডিভাইসটির সঙ্গে একটি এলসিডি স্ক্রিন দেওয়া থাকবে। তবে ব্যবহারকারীরা চাইলে ঢিভাইসটিকে টিভির সঙ্গেও সংযুক্ত করতে পারবেন। এ ছাড়াও প্রতিষ্ঠানটির তরফ থেকে জানানো হয়েছে, উৎপাদনের আগের সব কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং একটি সম্পূর্ণ প্রস্তুত প্রটোটাইপও তৈরি করা হয়ে গেছে।
এ প্রসঙ্গে গ্যাজেট সাইট পকেট-লিন্ট এর সম্পাদক স্টুয়ার্ট মাইলস বলেছেন, “তারা ধারণা করছে, রেট্রো গেইমিংয়ের জন্য মানুষের সময় রয়েছে, কিন্তু একই সময়ে তারা মনে করছে গেইম খেলার জন্য মানুষ সারাদিন টিভির সামনে বসে থাকতে চাইবেন না। কিন্তু বিষয়টিকে পোর্টেবল করার ফলে সে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এবং তারা সম্ভাব্য ক্রেতা হারাবেন না তাও নিশ্চিত হচ্ছে।”
