গৃহস্থালী প্রযুক্তিপণ্য নিয়ে সতর্কবার্তা
পরবর্তী প্রজন্মের গৃহস্থালী প্রযুক্তি পণ্য অগ্নিকাণ্ড সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান প্যানাসনিক-এর শীর্ষ সাইবার-নিরাপত্তা বিশেষজ্ঞ হিকোহিরো লিন।
নিজ শঙ্কা প্রকাশের সময় লিন জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের গৃহস্থালী প্রযুক্তি পণ্যগুলো থেকে অগ্নিকাণ্ড সৃষ্টি হতে পারে এবং তা মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে শেষ করে দিতে পারে। প্যানাসনিক-এর পণ্য নিরাপত্তা টিমের প্রধান লিন আর জানান, ওই পণ্যগুলো ওয়েব এর সঙ্গে সংযুক্ত থাকবে। আর সেগুলো হ্যাক করাও যথেষ্ট সহজ। সাইবার অপরাধীরাও চাইলে এই ‘ইন্টারনেট অফ থিংস’ গ্যাজেটগুলো হ্যাক করে হামলা চালাতে পারবে। এ ছাড়া অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যাওয়ার আশঙ্কা তো থাকছেই।
অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যাওয়া প্রসঙ্গে লিন জানিয়েছেন, গ্যাজেটগুলো ওয়েবের সঙ্গে যুক্ত থাকবে এবং প্রচুর পরিমাণে তথ্য আদান-প্রদান করবে। ফলে অতিরিক্ত গরম হয়ে যাওয়াটা অসম্ভব কিছু নয়। লিন-এর এই সতর্কবার্তা বাদেও এক গবেষণার বরাতে জানা গেছে, বিগত ছয় বছরে শুধু ব্রিটেইনে ছয় হাজার টাম্বল ড্রায়ার বিস্ফোরিত হয়েছে।
অন্যদিকে, নিজ গ্যাজেট ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এরকম দূর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন লিন। প্যানাসনিক নিজেদের পণ্যকে ‘হ্যাকার-প্রুফ’ করার জন্য চেষ্টা করছে বলেও জানিয়েছেন লিন। এ প্রসঙ্গে লিন বলেছেন, “আমরা মানুষের জীবন নিয়ে চিন্তিত, আর তাই আমরা এ বিষয়ে আরও বেশি চিন্তা করছি, আরও বেশি নিরাপত্তা যোগ করছি এবং আমরা এটি বন্ধ করব না।”
ইন্টারনেট অফ থিংস এর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে গ্যাজেটগুলো নিয়ম মেনে আপডেট করতে হয়, এভাবেই ডিভাইসগুলোকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করা হয়। কিন্তু সমস্যা হচ্ছে অধিকাংশ গ্যাজেট মালিকই নিজ গ্যাজেট আপডেট করান না। এ প্রসঙ্গে লিন এর মন্তব্য হচ্ছে, “পণ্য আপডেটের বিষয়টি মানুষের উপর নির্ভর করছে, আর আমরা বিষয়টি নিয়ে শঙ্কিত।”
