২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন ৭-এ স্টেরিও সাউন্ড

অনেকদিন ধরেই গুজব ছড়িয়েছে আইফোন ৭-এ কোনো হেডফোন জ্যাক থাকবে না। হেডফোন জ্যাকের বদলে লাইটনিং পোর্ট বা ব্লুটুথের মাধ্যমে ফোনটির সঙ্গে হেডফোন সংযুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি ওই একই গুজবে যোগ হয়েছে নতুন আরেকটি তথ্য। হেডফোন জ্যাকের স্থানে স্পিকার যোগ করবে অ্যাপল, যাতে করে আইফোন ৭ ব্যবহারকারীরা স্টেরিও সাউন্ডের সুবিধা পেতে পারেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 06:44 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বারক্লে গবেষকদের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমানে ফোনটির যে অংশে জ্যাক থাকে, ঠিক ওই অংশেই ফোনটির বাম পাশে নিচের দিকে একটি অতিরিক্ত স্পিকার যোগ করা হবে। এতে করে ফোনটি ‘স্টেরিও অডিও’ সেবা দিতে পারবে।

বর্তমানে শুধু আইফোনের ডান পাশের অংশে একটি স্পিকার প্যানেল রয়েছে। অন্যদিকে বিলেতি দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, সাম্প্রতিক ডিভাইসগুলোতে আরও বেশি অডিও ক্ষমতা যোগ করার চেষ্টা করছে অ্যাপল।

শুধু স্টেরিও সাউন্ড নয়, হেডফোন জ্যাকের ওই অংশে কী থাকতে পারে সে নিয়ে ভিন্ন ভিন্ন আরও অনেক গুজব ছড়িয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, ওই অংশে ‘নয়েজ ক্যান্সেলেশন’ যোগ করতে পারে নির্মাতা প্রতিষ্ঠানটি। অনেক স্থানে আবার দাবি করা হচ্ছে, ‘নয়েজ ক্যান্সেলেশন’-এর বিষয়টি আইফোন ৭-এ নয়, আইফোন ৭এস এ যোগ করা হতে পারে।

আদতে ঠিক কোন গুজবটি সঠিক, তা জানতে এ মুহূর্তে আগ্রহীদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।