২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার র‌্যানসওয়্যারের কবলে হাসপাতাল

প্রতিনিয়ত র‌্যানসমওয়্যারের দৌরাত্ম বাড়ছে- সাধারণ কম্পিউটার ব্যবহারকারী থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল কোনো কিছুই রেহাই পাচ্ছে না এই ম্যালওয়্যার-এর কবল থেকে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 06:43 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

র‌্যানসমওয়্যারের কবলে পড়ে এক সপ্তাহেরও বেশি সময় যাবত বন্ধ রয়েছে হলিউড প্রেসবাইটেরিয়ান মেডিক্যাল সেন্টার-এর কম্পিউটার সিস্টেম। আঞ্চলিক সংবাদ সূত্রের বরাতে জানা গেছে, হ্যাকাররা হাতিয়ে নেওয়া ডেটা আনলক করার জন্য ৩৪ লাখ ডলার দাবি করেছে। হাসপাতালটির তরফ থেকে সাইবার আক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মুক্তিপণ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলেই জানিয়েছে সংবাদসংস্থা বিবিসি।

অন্যদিকে হাসপাতাল থেকে ভয়েসমেইল মেসেজের মাধ্যমে জানানো হয়েছে, হ্যাকাররা রোগীদের কোনো মেডিক্যাল রেকর্ড হাতিয়ে নিতে পারেনি। বর্তমানে ওই সাইবার আক্রমণের তদন্ত করছে এফবিআই, লস অ্যাঞ্জেলস পুলিশ এবং কম্পিউটার ফরেনসিকস বিশেষজ্ঞরা।

আক্রমণের পর থেকে হাসপাতালটিতে কম্পিউটারের বদলে কাগজ-কলমে কাজ করা হচ্ছে এবং এতে তাদের প্রতিদিনের কাজে কোনো প্রভাব পড়ছে না বলেই দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে রোগীদেরকেও ইলেকট্রিকাল প্রক্রিয়ার বদলে হাতে-হাতে বিভিন্ন ‘টেস্ট-রেজাল্ট’ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

র‌্যানসমওয়্যার আক্রমণে ব্যবহারকারীর কম্পিউটার সিস্টেমে বিশেষ ম্যালওয়্যার ছড়িয়ে দেয় হ্যাকাররা। এরপর কম্পিউটারের সব ফাইল লক করে দিয়ে ওই ম্যালওয়্যারের মাধ্যমে মুক্তিপণ চাওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণ না পেলে লক করে রাখা সব ফাইল মুছে দেয় হ্যাকাররা।