২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসও লাইসেন্স পেল এসএসএল ওয়্যারলেস

বাংলাদেশ ব্যাংকের 'পেমেন্ট সিস্টেম অপারেটর' বা পিএসও লাইসেন্স পেয়েছে অ্যাপ্লিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 06:40 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

গত ২৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটিকে এই লাইসেন্স প্রদান করে। বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪-এর অধীনে এসএসএল কমার্স-কে এই লাইসেন্স প্রদান করা হয় এবং একই সঙ্গে ই-কমার্স লেনদেন সম্পাদনে এসএসএল কমার্স গেটওইয়ে-এর মাধ্যমে ই-মার্চেন্টদের সেবা প্রদানের জন্য 'পেমেন্ট সিস্টেম অপারেটর' হিসেবে কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধায়নে ও ডাচ-বাংলা ব্যাংকের সহায়তায় ২০১০ সালে বাংলাদেশের অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবাখাতে প্রথম নাম লেখায় এসএসএল কমার্স। আর সেই থেকে দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ই-কমার্স শিল্প— বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে পাঠানো এক বার্তায় এমনটাই দাবি করেছে প্রতিষ্ঠানটি।

৬ বছরের যাত্রায় এসএসএল কমার্সে মার্চেন্ট সংখ্যা ৬শ'রও বেশি। এয়ারলাইন্স, হসপিটাল, আইএসপি, গ্রোসারি শপ, ডিপার্টমেন্টাল স্টোর, শপিং পোর্টাল, টেলিকম অপারেটর, ওয়াইম্যাক্স ইন্টারনেট বিল পেমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট ইত্যাদি বিভিন্ন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানকে ই-কমার্সমুখী করে এই শিল্পে এসএসএল কমার্স এক বিপ্লব ঘটিয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।