২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন, আইপ্যাড বিক্রির তারিখ ফাঁস

চলতি বছরের মার্চেই মার্কিন টেক জায়ান্ট অ্যাপল নতুন আইফোন এবং আইপ্যাড উন্মোচন করতে যাচ্ছে এমন খবর ইতোমধ্যেই জানা গেছে। মার্চের ১৫ তারিখ অনুষ্ঠিতব্য অ্যাপল ইভেন্টে ছোট স্ক্রিনের 'আইফোন ৫এসই' এবং নতুন আইপ্যাড এয়ার ৩ উন্মোচন করবে বলে অ্যাপল পণ্যবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাক-এর বরাত দিয়ে এই খবর জানায় সংবাদসংস্থা রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 06:38 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

এবার মার্চেরই ১৮ তারিখ ডিভাইস দুইটি বাজারজাত করা হতে পারে এমনটি জানিয়েছে ওই একই সাইট-- নাইনটুফাইভ ম্যাক। এতদিন যাবত কোনো পণ্য উন্মোচনের পর অ্যাপল সেটি বিক্রি শুরু করতে প্রায় এক সপ্তাহ অপেক্ষা করে আসছিল। কিন্তু এবার সেই রীতির কিছুটা ব্যাতিক্রম ঘটতে পারে। ১৫ মার্চ পণ্যগুলো উন্মোচনের প্রায় সঙ্গে সঙ্গেই প্রতিষ্ঠানটি সেগুলো বাজারে ছাড়তে পারে। চলতি বছরের জানুয়ারি থেকেই অ্যাপল পণ্যগুলো তৈরির কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দ্য ইনডিপেন্ডেন্ট।

নতুন আইফোন ৫এসই অনেকটাই আগের আইফোন ৫ এস এর মত বাহ্যিক গঠনের হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর্দার আকার ৪ ইঞ্চি হলেও এতে আইফোন ৬ এবং ৬এস এর অনেকগুলো ফিচার পাওয়া যাবে। এর পাশাপাশি এতে থাকছে উন্নত ক্যামেরা ও প্রসেসর।

এ ছাড়াও, গুজব যদি ফলেই যায়, ওই একই ইভেন্টে নতুন আইপ্যাড এয়ার ৩ উন্মোচন করবে অ্যাপল। অ্যাপল পেন্সিল এবং স্মার্টকিবোর্ডের মতো পণ্যগুলো আরও উন্নত করা হবে বলেও ধারণা করা হচ্ছে। তবে নতুন অ্যাপল ওয়াচ ২ আদৌ উন্মোচন করা হবে কিনা সেটি নিয়ে এখনও ধোঁয়াশা থেকেই যাচ্ছে।