অবশেষে লুমিয়া ৬৫০
অনেক গুজব এবং তথ্য ফাঁসের পর অবশেষে নিজেদের নতুন উইন্ডোজ স্মার্টফোন লুমিয়া ৬৫০-এর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ১৯৯ ডলারের উইন্ডোজ ১০-চালিত ওই স্মার্টফোনটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
মোবাইল ইন্ডাস্ট্রি ওয়াচাররা জানিয়েছেন, লুমিয়া ৬৫০-ই হবে লুমিয়া ব্র্যান্ডের সর্বশেষ স্মার্টফোন। পাঁচ ইঞ্চি স্ক্রিনের নতুন ওই স্মার্টফোনটিতে ৮ গিগাবাইট স্টোরেজ, ৮ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন ক্যামেরা, প্লাস্টিক বডি এবং রিমোভেবল ব্যাটারি রয়েছে। এ ছাড়াও ফিচার হিসেবে স্মার্টফোনটিতে নিরাপত্তা ফিচার এবং অফিস ৩৬৫ দেওয়া হয়েছে।
নতুন উইন্ডোজ ফোন থেকে যে ফিচারগুলো বাদ পড়েছে, সেগুলো হচ্ছে, ফেশিয়াল রিকগনিশনভিত্তিক ফোন আনলকিং ফিচার হ্যালো এবং কন্টিনাম। কন্টিনাম ফিচারটির সাহায্যে ফোন মনিটরের সঙ্গে সংযুক্ত করে, সেটিকে পিসি হিসেবে ব্যবহার করা যায়।
বেশ কয়েক বছর আগে থেকে মোবাইল ব্যবসায়ী হিসেবে আত্নপ্রকাশ করলেও, বাজারে ঠিক সুবিধা করে উঠতে পারছিল না মাইক্রোসফট। এমনকি ডেভেলপরারও উইন্ডোজ ফোনের চেয়ে আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যাপ বানাতে বেশি আগ্রহী।
লুমিয়া ব্র্যান্ডের ইতি টানলেও মোবাইল ব্যবসা ছাড়ছে না মাইক্রোসফট। সারফেস ‘বস’ হিসেবে পরিচিত পানোস পানায়-এর তত্ত্বাবধানে নতুন ব্র্যান্ডিংয়ে নতুন ফোন নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
