সংখ্যাতত্ত্বে পৃথিবী জুড়ে স্মার্টফোনের হালচাল
বিশ্বের প্রায় সবখানেই প্রতিনিয়ত বাড়ছে স্মার্টফোনের ব্যবহার, আর ব্যবহারকারীদের সংখ্যাটাও এখন চোখে পড়ার মতো। যদি এভাবে বাড়তে থাকে, তবে ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা ৬শ' কোটি ১০ লাখে গিয়ে ঠেকবে, এক জরিপে জানা গেছে এমনটাই।
চীনা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বাইদু এই জরিপ চালিয়েছে। জরিপ অনুসারে, বর্তমান বিশ্বে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ৬০ শতাংশ মানুষ এটি যোগাযোগের যন্ত্র হিসেবে ব্যবহার করে, আর ২৩ শতাংশের কাছে এটি 'সঙ্গী' হিসেবে কাজ করে। বাকি ১৭ শতাংশের মধ্যে ৮ শতাংশ ব্যবহার করে সামাজিক মাধ্যম ব্যবহার আর ৯ শতাংশের কাছে এটি একটি বিনোদনের ডিভাইস।
২০১৫ সালে স্মা্র্টফোন ব্যবহারকারীদের ব্যবহার, রীতি আর সমস্যার উপর ভিত্তি করে এই জরিপ চালানো হয় বলে জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া।
জরিপে আরও জানা যায়, ২০ বা এর কম বয়সীরা মিউজিক আর বিনোদনের জন্য স্মার্টফোন ব্যবহার করে থাকে। যেখানে ২০ থেকে ২৯ বছরও বয়সীদের কাছে এটি কোনোভাবে ছাড়া যাবে না এমন এক সঙ্গী হয়ে দাড়িঁয়েছে।
জরিপে উঠে এসেছে অ্যাপ ইনস্টল সংক্রান্ত তথ্যও। সারাবিশ্বে ৪০ শতাংশ ব্যবহারকারী তাদের স্মার্টফোনে ২১ থেকে ৫০টি অ্যাপ ইনস্টল করে থাকেন। এশিয়ায় ২১ থেকে ৫০টি অ্যাপ ইনস্টল করা ব্যাক্তির সংখ্যা ৬ শতাংশ, আর ৫৮ শতাংশ মানুষ ২০টির কম অ্যাপ ইনস্টল করে থাকেন।
স্মার্টফোনের ব্যাটারি অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়া সারাবিশ্বের ব্যবহারকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সমস্যা বলেও জানা গেছে এই জরিপে।
