২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসা দিবসে ঢাকায় ভার্চুয়াল রিয়ালিটি

নতুন প্রযুক্তি হিসেবে ‘ভার্চুয়াল রিয়ালিটি গেইম’ নিয়ে ১৪ ফেব্রুয়ারি নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে হাজির হয়েছিল মোবাইল অপারেটর রবি ও প্রযুক্তি প্রতিষ্ঠান সফটউইন্ডটেক।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 08:17 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনকারীদের ভার্চুয়াল রিয়ালিটির অভিজ্ঞতা দিতে দুটি ট্যান্ডেম বাইসাইকেল প্রদর্শন করে প্রতিষ্ঠান দুটি। এতে করে ঢাকায় বসে প্যারিস ভ্রমণের ভার্চুয়াল অভিজ্ঞতা পেয়েছেন ব্যবহারকারীরা।

ভার্চুয়াল রিয়ালিটির এই উদ্যোগ প্রসঙ্গে সফটউইন্ডটেকের ক্যাম্পেইন স্ট্রাটেজিস্ট জুবায়ের নাঈম বলেন, “দুটি ট্যান্ডম বাইসাইকেল কাস্টোমাইজ করে ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি যুক্ত করা হয়েছিল। ফলে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে দু’জন একসঙ্গে আইফেল টাওয়ারে যাওয়ার অভিজ্ঞতা পান।”

এ বিষয়ে সফটউইন্ডটেকের ভিজুয়াল বিভাগের প্রধান আদনান ইসলাম বলেন, “বাঁকানো ৩০ ফুট সাইক্লোরোমা স্ক্রিনের সাহায্যে ভার্চুয়াল প্যারিসের পুরো সৌন্দর্য্য উপভোগ করার সুযোগ করে দেওয়া হয়েছিল। আর ইমার্সিভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ভার্চুয়াল রিয়ালিটিকে উপস্থাপন করা হয়।”

অন্যদিকে, গেইম ডেভেলপমেন্ট টিমের প্রধান রাইসুল করিম বলেন, “দুটি ট্যান্ডেম বাইসাইকেলকে মাইক্রোকন্ট্রোলারভিত্তিক সার্কিটের সহায়তায় একটি ভিডিও গেইমের সঙ্গে যুক্ত করা হয়েছে।”

এরপর দুই জোড়া যুগল আইফেল টাওয়ারে দ্রুততম সময়ে পৌছানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতি ঘণ্টায় দ্রুততম একটি যুগলকে পুরস্কৃত করে রবি। বাংলাদেশে এ ধরনের প্রযুক্তি এই প্রথম। রবির এই ইভেন্টটির কারিগরি সহায়তায় ছিল সফটউইন্ডটেক।

ভার্চুয়াল রিয়ালিটি গেইমে অংশ নেওয়া শান্তা ও সজীব বলেন, চমৎকার, অসাধারণ অনুভূতি। ভার্চুয়াল রিয়ালিটি গেইমে অংশ নিয়ে মনে হচ্ছে সত্যি সত্যি প্যারিস ঘুরে এলাম।

শীঘ্রই অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ভার্চুয়াল রিয়ালিটি গেইমের এই প্রযুক্তি নিয়ে হাজির হবে রবি। রবির ফেইসবুক পেইজে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।