সাইবার প্রস্তুতি চলছে দক্ষিণ কোরিয়ায়
উত্তর কোরিয়ার পক্ষ থেকে সাইবার আক্রমণ চালানো হতে পারে, এমন হুমকির মুখে নিজেদের সামরিক বাহিনীর তথ্য নজরদারী বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।
সাইবার আক্রমণের হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একটি পাঁচ স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে থাকে। ইনফরমেশন অপারেশনস কন্ডিশন (ইনফোকন) নামের ওই নিরাপত্তা ব্যবস্থাটি লেভেল ৩- উন্নীত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) ।
দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা বলেন, "আমরা বিশ্বাস করি, উত্তর কোরিয়া যে দক্ষিণের উপর সাইবার আক্রমণ চালাতে পারে তার একটি বড়সড় আশঙ্কা রয়েছে, আর আমরা সম্প্রতি আমাদের ইনফরমেশন অপারেশন কন্ডিশন উন্নত করেছি।"
চলতি বছর জানুয়ারি মাসের শেষের দিকে জাতিসংঘের নীতিমালার তোয়াক্কা না করে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। এর পরপরই দেশটির বিরুদ্ধে সাইবার আক্রমণের চেষ্টার অভিযোগ তোলে দক্ষিণ কোরিয়া। শুধু অভিযোগ তুলেই বসে থাকেনি তারা, সেই সঙ্গে তখন লেভেল ৫ থেকে লেভেল ৪-এ উন্নীত করা হয় ইনফোকন।
সে সময় উত্তর কোরিয়া থেকে পালিয়ে এসেছেন এমন অনেকেই জানান, দেশটির সামরিক বাহিনী অধীনস্থ গুপ্তচর সংস্থা একটি শক্তিশালী ‘সাইবার-ওয়ারফেয়ার’ ইউনিট পরিচালনা করে। শত্রু দেশগুলোর সরকারি সংস্থা এবং ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে আক্রমণ চালায় ওই ইউনিট।
সম্প্রতি দূরপাল্লার স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এর এক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
