আসছে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬
দ্বিতীয়বারের মতো দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে চলতি বছরের ৬ মার্চ শুরু হচ্ছে এই আয়োজন।
এবারের আয়োজনে ৫০০ উপজেলা ও থানার মোট ১০০০ স্কুলে প্রচারণামূলক অ্যাক্টিভেশন, মেন্টরস ট্রেইনিং, ফ্যাসিলেটর কর্মশালা হবে। এ ছাড়াও ৬৪ জেলায় কর্মশালা, অনলাইন মেন্টরশিপ ও ফোরাম, ১৬ টি আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ফেব্রুয়ারির ১৪ তারিখ ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তার বিশ্বাস ‘পরবর্তী মার্ক জাকারবার্গ, স্টিভ জবস এবং বিল গেটস আমাদের বাংলাদেশ থেকে তৈরি হবে।’
আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “রবি ইতোমধ্যে বিডিঅ্যাপস নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, যেখানে তরুণরা তাদের মেধাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারবেন।”
সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) সহযোগী অধ্যাপক ও লাফিফা জামাল, আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার বিচারক ও কোডমার্শালের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান ও সিএসই বিভাগের শিক্ষক হাসনাইন হেইকেল।
