হংকংয়ে ২৫ হাজার এলইডি গোলাপ
ভ্যালেন্টাইন’স ডে-তে ২৫,০০০ গোলাপে সেজেছিল হংকং, কিন্তু এর মধ্যে একটি গোলাপও আসল ছিল না। সবগুলোই ছিল এলইডি প্রযুক্তির গোলাপ।
এই এলইডি প্রযুক্তির গোলাপ বা ‘লাইট রোজ গার্ডেন’-এর সূত্রপাত দক্ষিণ কোরিয়ায়। কিন্তু সম্প্রতি ওয়ার্ল্ড টুরে বের হয়েছে ‘লাইট রোজ গার্ডেন’। আর ওয়ার্ল্ড টুরের প্রথম প্রদর্শনীটিই করা হয়েছে হংকংয়ে। ২৫,০০০ এলইডি গোলাপ জ্বলেছে লাইট রোজ গার্ডেনে, আর তাই হয়ত বিষয়টিকে দক্ষিণ কোরিয়ার কোনো নাটকের দৃশ্যের মতো মনে হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
অন্যদিকে এর আয়োজক জাং ইয়োং জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সিওলের বাইরের মানুষদের ওই গার্ডেন উপভোগ করতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত। হংকংয়ের মাইলফলক ‘সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট প্রমিনেড’-এ বসানো হয়েছিল ওই কৃত্রিম গোলাপ বাগান। প্রতি তিন স্কয়ার মিটারে ২৫টি করে মোট ২৫,০০০ পানি নিরোধক সাদা গোলাপ স্থাপন করা হয়েছিল।
এই আয়োজন প্রসঙ্গে ইয়োং বলেছেন, “আমি এই এলইডি গোলাপের বাগান তৈরি করেছি যাতে করে মানুষ তাদের পরিবার, বন্ধু এবং সঙ্গী/সঙ্গীনীকে নিয়ে রাতে পার্কে আসে এবং এটি উপভোগ করতে পারে।”
দর্শনার্থীরাও বিষয়টি বেশ উপভোগ করেছে বলেই জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ওয়ার্ল্ড টুরের অংশ হিসেবে ফেব্রুয়ারির ২২ তারিখ সিঙ্গাপুরে আবারও বসতে যাচ্ছে ‘লাইট রোজ গার্ডেন।’
