এবার ‘দৌড়’ প্রতিযোগিতায় ড্রোন
প্রতিরক্ষা, পণ্য সরবরাহ, মাটি বা আবহাওয়া গবেষণার মতো অনেকক্ষেত্রেই ড্রোন-এর নানা কীর্তি ইতোমধ্যেই দেখা গেছে। সবশেষে এবার দেখা যাবে ড্রোনের খেলা, এক ড্রোন আর এক ড্রোনের সঙ্গে অংশ নেবে প্রতিযোগিতায়।
“এই নতুন খেলাকে ঘিরে তৈরি হয়েছে অনেক উত্তেজনা, কেননা এই খেলায় অংশ নেবে ভবিষ্যতের যানবাহন- ড্রোন।” মার্কিন প্রযুক্তিবিষয়ক খবরের সাইট ভার্জ এর প্রতিবেদনে বলা হয়েছে এমনটাই।
প্রতিযোগিতায় অংশ নেবে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন একটি তীব্র চটপটে, ছোট ড্রোন, যার গতি হবে ঘন্টায় ১৬০ কিলোমিটার। তবে, গাড়ির প্রতিযোগিতা বা ঘোড়াদৌড়ের ক্ষেত্রে চালক হিসেবে মানুষ থাকলেও, এক্ষেত্রে এমনটি হচ্ছে না।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ড্রোনগুলো সংজ্ঞা অনুসারে মনুষ্যবিহীন হলেও, এগুলোর নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকছে। কীভাবে? ড্রোনের গায়ে লাগানো থাকবে ক্যামেরা। আর ওই ক্যামেরা থেকে করা সরাসরি ভিডিও দেখেই ড্রোনগুলো পরিচালনা করা হবে।
খেলাটিতে কোনো মানুষের কোনো ক্ষতি হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই বলে জানিয়েছেন এর নির্মাতারা।
সেই সঙ্গে এই ড্রোন খেলার আরও উত্তেজনা বাড়াতে এর সঙ্গে যোগ হবে এলইডি লাইট, নকশা করা দেহ আর রঙিন পাখা। খেলাটি আরও উপভোগ্য বানাতে ব্যবহার করা হবে বাল্ব ও গাছ কাটার বিশেষ যন্ত্র, জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।
২০১৫ সালের ১১ জুলাই এই লিগের প্রাক-মৌসুম পর্ব অনুষ্ঠিত হয়। চলতি বছর ২২ ফেব্রুয়ারি লেভেল ১ শুরু হবে।
