২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএস ম্যাপিংয়ে ভালবাসার প্রকাশ!

একদল সাইক্লিস্ট ঢাকা শহর এবং আশপাশের এলাকায় সাইক্লিংয়ে জিপিএস প্রযুক্তি ব্যবহার করে বিশাল এক হার্ট বানিয়েছেন ভ্যালেন্টাইন’স ডে-তে। সৌখিন সাইক্লিস্টদের সংগঠন ১২১৫ রাইডার্স প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রাইডের আয়োজন করে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 06:46 PM

Updated : 11 Oct 2022, 07:46 PM

নয় জন সদস্যের এই রাইডে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রযুক্তি পাতার একজন সাংবাদিকও ছিলেন। স্মার্টফোনে জিপিএসনির্ভর অ্যাপ ব্যবহার করে এই রুট প্রকাশ করা হয়। এতে এন্ডোমন্ডো এবং স্ট্রাভা নামে দুটি জনপ্রিয় অ্যাপ ব্যবহার করা হয়।

“আমরা প্রতিবছরই ভ্যালেন্টাইন’স ডে’তে এই রাইডটা করি।” বলেন ১২১৫ রাইডার্স গ্রুপের অন্যতম সংগঠক মির্জা শামস।

এ নিয়ে পরপর তিন বছর আয়োজিত এই রাইডের শুরুর কারণ হিসেবে মির্জা বলেন, “আমরা একবার সাইক্লিং রাইডের শেষে দেখি আমাদের রুট অনেকটাই হার্র্ট শেপের হয়েছে। এরপর আমরা এটা নিয়ে আগ্রহী হই।”

১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এই রাইড শেষ হয় প্রায় পৌনে দুই ঘন্টায়। রুট শুরু হয় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। সেখান থেকে আসাদ অ্যাভিনিউ পার হয়ে সোজা বসিলা সড়কে গিয়ে ওঠেন সাইক্লিস্টরা। সেখান থেকে আঁটি বাজার ব্রিজ পার হয়ে বাঁয়ে খোলামোরা-হজরতপুর সড়ক হয়ে সোজা খোলামোরা লঞ্চ ঘাট। সেখান থেকে লঞ্চে চড়ে বুড়িগঙ্গা বরাবর প্রায় চার কিলোমিটার দূরে সোয়ারি ঘাটে নামেন সাইক্লিস্টরা। সোয়ারি ঘাট থেকে কেন্দ্রীয় কারাগারকে বাঁয়ে রেখে সোজা নাজিমুদ্দিন রোড। সেখান থেকে দোয়েল চত্তর পার হয়ে বাংলা অ্যাকাডেমির সামনে দিয়ে শাহবাগ পেরিয়ে নজরুল ইসলাম অ্যাভিনিউ তারপর ইন্দিরা রোড এবং ফের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় রাইড।

এই রুট ছাড়া অন্য কোনো রুটে কি এমন হার্ট শেপ পাওয়া সম্ভব? মির্জা বলেন, “আমরা সাধারণত মানিক মিয়া অ্যাভিনিউ থেকেই রাইড শুরু এবং শেষ করি, সেটি ঠিক রেখে এমন আর কোনো রুট এখনও আমরা পাইনি। তবে উত্তরা থেকে এমন আরও একটি রুট পাওয়া গেছে, হয়ত আগামী বছর আমরা নতুন ওই রুট ব্যবহার করব। তবে এই রুটের তুলনায় সেটা বেশ বড় রুট হবে।”

যে কেউ কি এই রাইডে অংশ নিতে পারেন? ১২১৫ রাইডার্স থেকে জানানো হয়েছে, যে কোনো সাইক্লিস্টকেই তারা স্বাগত জানাবেন। তবে, হেলমেট, হেড লাইট, টেইল লাইট এবং আনুষাঙ্গিক নিরাপত্তা প্রস্তুতি ছাড়া কাউকে কোনো রাইডে নেওয়া সম্ভব নয়। কেবল বিশেষ দিনের কোনো রাইড নয়, যে কোনো রাইডে অংশ নিতে এই শর্ত মানতে হবে।

ছবি: ১২১৫ রাইডার্সের সৌজন্যে।