২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমডব্লিউসির আগেই এলজির ‘এক্স’ ডিভাইস

২০১৬ সালের জন্য তৈরি নিজেদের ডিভাইসগুলো নিয়ে বুঝি উত্তেজনার শেষ নেই প্রযুক্তিপণ্য নির্মাতা এলজির। স্পেইনের বার্সেলোনায় আয়োজিত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)’ ২০১৬-এ উন্মোচনের আগেই নতুন দুটি স্মার্টফোনের বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 02:49 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

নতুন দুই ডিভাইসের প্রথমটি হচ্ছে ‘এক্স ক্যাম’। এক সঙ্গে দুটি রিয়ার ক্যামেরা থাকবে স্মার্টফোনটির। এলজির দাবি, একই দামের স্মার্টফোনগুলোর মধ্যে সেরা ছবি তোলার অভিজ্ঞতা দেবে ‘এক্স ক্যাম’। বাজারে জোর গুজব, অপটিকাল জুম ফিচার থাকবে ক্যামেরা দুটিতে।

অন্যদিকে ‘এক্স স্ক্রিন’-এ স্ক্রিন থাকবে দুটি। ৪.৯ ইঞ্চির মূল স্ক্রিনের উপরেই থাকবে ১.৭৬ ইঞ্চির দ্বিতীয় স্ক্রিনটি, যা সবসময়ই চালু থাকবে। ব্যাটারির চার্জ কতটা বাকি আছে, নোটিফিকেশন ইত্যাদি তথ্য দেখা যাবে দ্বিতীয় স্ক্রিনটিতে।

বলা হচ্ছে মার্চ মাসেই এশিয়া, ইউরোপ এবং লাতিন আমেরিকার বাজারে অভিষেক হবে স্মার্টফোন দুটির। ডিভাইসগুলোর দাম নিয়ে এলজি মুখ না খুললেও ধারণা করা হচ্ছে ‘মাঝারি দামের’ স্মার্টফোন হবে ডিভাইসদুটি। এলজি এক্স ক্যাম আর এক্স স্ক্রিন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবে ২১ ফেব্রুয়ারি, স্পেইনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সম্মেলনে।

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি৫-ও এমডব্লিউসিতেই উন্মোচনের কথা রয়েছে এলজির। এর মধ্যেই ডিভাইসটির কাভারের ছবি অনলাইনে প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে এক্স স্ক্রিন-এর মতো জি৫-এ দুটি স্ক্রিন থাকার সম্ভাবনা রয়েছে।