আইফোনের নতুন বাগ
টাইম সেটিংস থেকে সাল হিসেবে ‘১৯৭০’, মাস হিসেবে ‘জানুয়ারি’ আর তারিখ হিসেবে ‘এক’ সিলেক্ট করে দিলেই ‘বেঁকে বসতে পারে’ ব্যবহারকারীর সাধের আইফোন। দিন-তারিখ পাল্টে আইফোনকে ১৯৭০ সালের পয়লা জানুয়ারিতে নিয়ে রিস্টার্ট দিলে শুধু অ্যাপল লোগো দেখানো ছাড়া আর কিছুই করতে পারবে না স্মার্টফোনটি।
চলতি বছরের জানুয়ারির ১১ তারিখ এক রেডিট ফোরামের বরাতে নতুন এই বাগ সম্পর্কে জানা গেছে। কোনো ব্যক্তি যদি আইফোনের ক্যালেন্ডার স্ক্রল করে পেছনের দিকে যেতে চান, তাহলে তিনি সর্বোচ্চ ১৯৭০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত যেতে পারবেন। কারণ অন্যান্য অনেক ডিভাইসের মতো আইফোনেও সময়ের মানদণ্ড হিসেবে ‘ইউনিক্স ক্লক’ ব্যবহার করা হয়েছে। ইউনিক্সে ১৯৭০ সালের পূর্বে যাওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এখন ‘টাইম জোন’ যদি ‘জিএমটি’ না হয়, তাহলে ইউনিক্স প্রক্রিয়াতে ১৯৭০ সালের জানুয়ারির এক তারিখ সিলেক্ট করা হলে, প্রক্রিয়াটি ধরে নেবে যে সময়টি ঠিক করা হচ্ছে তা ১৯৭০ সালেরও আগের কোনো সময়। আর ১৯৭০ সালের আগের সময় হলে ইউনিক্স প্রক্রিয়ায় তা শূন্য হিসেবে বিবেচিত হবে এবং একই সঙ্গে বিষয়টি এক ধরনের ‘লজিকাল এরর’। ধারণা করা হচ্ছে, ওই কারণেই আইফোনের সময় হিসেবে ১৯৭০ সালের জানুয়ারি ১ দেওয়া মাত্র ফোন ক্র্যাশ করছে।
সমস্যাটির সমাধানে অ্যাপলের আদৌ কোনো পরিকল্পনা রয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি মার্কিন প্রতিষ্ঠানটি।
