২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষদের চেয়ে নারীরা ভাল কোডার

পুরুষের লেখা কম্পিউটার কোডের চেয়ে নারীর করা কোড বেশি কার্যকরী- নতুন এক গবেষণায় এমনটাই জানা গেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

ওপেন সোর্স প্রোগ্রাম-শেয়ারিং সার্ভিস গিটহাব-এর প্রায় ১৪ লাখ ব্যবহারকারীকে নিয়ে এই গবেষণা করেন মার্কিন গবেষকরা। এই গবেষণায় দেখা যায়, মেয়েদের করা কোড পুরুষের করা কোডের চেয়ে বেশি গ্রহণযোগ্য। গবেষণার প্রতিবেদন এখনও রিভিউয়ের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা স্টেইট ইউনিভার্সিটি আর ক্যালি পলি-এর কম্পিউটার বিজ্ঞান বিভাগের গবেষকরা এ গবেষণা চালান।

গিটহাব একটি ডেভেলপার কমিউনিটি যেখানে এর ব্যবহারকারীরা পুরুষ না নারী তা জানতে চায় না।

তবে, গবেষণায় নেওয়া ওই ১৪ লাখ ব্যবহারকারীদের মধ্যে কে পুরুষ আর কে নারী তা শনাক্ত করেন গবেষকরা। ব্যবহারকারীদের সামাজিক নেটওয়ার্কের অ্যাকাউন্ট বা মেইল আইডি থেকে এই তথ্য বের করেন তারা। এতে প্রাইভেসি ঝুঁকি থাকার বিষয়টি স্বীকার করেছেন গবেষকরা, তবে এক্ষেত্রে এই ডেটা প্রকাশে তাদের ইচ্ছা ছিল না বলে তারা জানিয়েছেন। 

গবেষণায় দেখা যায়, নারীদের পাঠানো অনুরোধগুলোর ৭৮.৬ শতাংশ গ্রহণ করা করা হয়। অন্যদিকে, পুরুষের পাঠানো অনুরোধগুলোর মধ্যে গ্রহণের সংখ্যাটা ৭৪.৬ শতাংশ। 

গবেষণার প্রতিবেদনে বলে হয়, “বাইরের ক্ষেত্রগুলোতে, আমরা লিঙ্গবৈষম্য খুঁজে পাই: নারীরা যখন তাদের প্রোফাইলে লিঙ্গপরিচয় উল্লেখ করে না, তখন তাদের গ্রহণযোগ্যতার হার ৭১.৮ শতাংশ, কিন্তু লিঙ্গের পরিচয় দিলেই অংকটা ৬২.৫ শতাংশে নেমে যায়। একই রকম হ্রাস পুরুষের ক্ষেত্রেও দেখা যায়, কিন্তু তার প্রভাব এতটা নয়।”

বড় কিছু পদক্ষেপ ছাড়া, লিঙ্গ আর জাতীয়তা- দুটি বিষয়ের বৈচিত্র্য নিয়ে প্রযুক্তি বরাবরই প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

২০১৫ সালের হিসাব অনুযায়ী ফেইসবুকের প্রযুক্তিকর্মীদের মধ্যে মাত্র ১৬ শতাংশ নারী আর গুগলের ক্ষেত্রে তা ১৮ শতাংশ।

নতুন এই গবেষণার ফলাফল উৎসাহজনক বলে মনে করেন কম্পিউটার বিজ্ঞানী ড. সু ব্ল্যাক। তিনি বলেন, “কোডিংয়ে নারীরা ভালো এটা উদঘাটন বিষয়টিতে শক্তি যোগাবে, প্রযুক্তিখাতে আরও বেশি নারীর কাজ করাটা সবার জন্যই ভালো।”