২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ জিবি ফ্রি স্টোরেজ দেবে গুগল

নিজের অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিং একবার ঘেঁটে দেখলেই ‘পুরস্কার’ হিসেবে বাড়তি ২ জিবি ডেটা স্টোরেজ দেবে ওয়েব জায়ান্ট গুগল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 08:18 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার এবং এই ইসুতে সচেতনতা বৃদ্ধির জন্য ‘সেফার ইন্টারনেট ডে ২০১৬’ উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।

সাইবার সিকিউরিটি এখন পুরো বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বললে ভুল হবে না। তারপরেও ব্যক্তিগত ডেটা নিরাপত্তার ক্ষেত্রে অনেক ব্যবহারকারী খুব একটা মাথা ঘামান না। আর তাই গুগল এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।

নিজের গুগল অ্যাকাউন্টের ‘সিকিউরিটি চেকআপ’ শেষ করতে ব্যবহারকারীর ১ মিনিটের বেশি সময় লাগবে না বলে জানিয়েছে দৈনিকটি। মূলত অ্যাকাউন্ট রিকভারি ইনফর্মেশন, কানেক্টেড ডিভাইসেস, অ্যাপ অ্যাক্সেস ও অ্যাকাউন্ট পারমিশনের উপর চোখ বুলিয়ে নিতে হবে আপনাকে। আর ‘সিকিউরিটি চেকআপ’ শেষে নিজে থেকেই আপনার ‘গুগল ড্রাইভ’ অ্যাকাউন্টে ২ জিবি বাড়তি স্টোরেজ জুড়ে দেবে ওই অ্যান্ড্রয়েড নির্মাতা।

সাইন আপ করলেই ১৫জিবির ফ্রি স্টোরেজ সুবিধা দেয় গুগল। তারউপর কয়েকটি ক্লিক করেই মিলবে আরও ২ জিবি স্টোরেজ। সাইবার নিরাপত্তাও বড়বে ব্যবহারকারীর। তাই সব মিলিয়ে গুগলের নতুন উদ্যোগটি ইতিবাচক দৃষ্টিতেই দেখছে ইনডিপেনডেন্ট।