২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালকের মর্যাদা পাচ্ছে গুগলের এআই

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা নিয়ন্ত্রকরা জানিয়েছেন, ফেডারেল আইনের অধীনে গুগলের স্বয়ংক্রিয় গাড়ির আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সিস্টেমকে ‘চালক’ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 06:55 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

স্বচালিত গাড়ির ক্ষেত্রে সম্ভাব্য এই স্বীকৃতিকে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গুগলের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে দেশটির ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনস্ট্রেশন-এর (এনএইচটিএসএ) প্রধান কাউন্সেল পল হেমার্সবো জানিয়েছেন, ২০১৫ সালের নভেম্বরের ১২ তারিখ গুগলের স্বয়ংক্রিয় গাড়ির ইউনিটের একটি ডিজাইন প্রস্তাব করেছিল যেটিতে কোনো মানব চালকের প্রয়োজন পড়বে না। এখন এনএইচটিএসএ গাড়িতে বসা কোনো ব্যক্তি নয়, বরং গুগলের প্রস্তাবিত গাড়ির ডিজাইনে গাড়ির সিস্টেমকেই ‘চালক’ হিসেবে বিবেচনা করার চেষ্টা করবে।

হেমার্সবো আরও বলেছেন, “গত শত বছরেরও বেশি সময় ধরে আমরা যেভাবে পরিবহনের ‘চালক’-এর বিষয়টিকে দেখছি, সে তুলনায় গুগলের স্বয়ংক্রিয় গাড়ির ‘চালক’-এর ধারণা যে ভিন্ন, সে বিষয়ে আমরা একমত।”

অন্যদিকে অটোমোটিভ গবেষণা সংস্থা ‘কেলে ব্লু বুক’-এর কার্ল ব্রাউয়ের এ প্রসঙ্গে জানিয়েছেন, এখনও স্বয়ংক্রিয় গাড়ি বিষয়ে যথেষ্ট পরিমাণে আইনি জটিলতা ও প্রশ্ন রয়েছে। কিন্তু ‘এনএইচটিএসএ’ যদি মানব নিয়ন্ত্রিত পরিবহনের বদলে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নিয়ন্ত্রিত গাড়ির ব্যাপারটি বিবেচনা করে থাকে তাহলে ধরে নিতে হবে তারা স্বয়ংক্রিয় গাড়ি রাস্তায় নিয়ে আসার ব্যাপারে কোনো না কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

৯ ফেব্রুয়ারি গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, গুগল এখনও এনএইচটিএসএ-এর দীর্ঘ প্রতিত্তুর ‘মূল্যায়ন’ করছে। এ ছাড়াও গুগল নির্বাহীরা জানিয়েছেন, স্বয়ংক্রিয় গাড়ি তৈরির জন্য প্রতিষ্ঠিত অটোমোবাইল নির্মাতাদের সঙ্গে জোঁট বাঁধবেন তারা।