সাইবার অপরাধী ধরতে মরিয়া মস্কো
বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করে বিপুল পরিমাণ ডলার চুরির ঘটনায় দায়ী হ্যাকারদের ধরতে অভিযানের অংশ হিসেবে মস্কোর এক চলচিত্র প্রযোজনা ও বিতরণ প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালিয়েছে স্থানীয় পুলিশ।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ‘ডায়ার’ নামের একটি সফটওয়্যারের মাধ্যমে পাসওয়ার্ড চুরি করে ব্যাংক অফ আমেরিকা এবং জেপি মরগ্যান অ্যান্ড কো-এর মতো শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের কয়েক মিলিয়ন ডলার চুরি করে হ্যাকারররা।
বলা হচ্ছে সাইবার অপরাধ মোকাবেলায় এখন পর্যন্ত রাশিয়ান কর্তৃপক্ষের সবচেয়ে বড় পদক্ষেপ এটি।
এদিকে চলচিত্র প্রযোজনা ও বিতরণ প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযানের নিজেদের কোনো সংশ্রিষ্টতা ছিল না বলে দাবি করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবারক্রাইম ইউনিট। অন্যদিকে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা এফএসবি।
সরকারি কর্মকর্তাদের কেউই এ বিষয়ে মুখ খোলেনি। তবে আলাদা তিনটি সূত্র থেকে ওই অভিযানের খবর মিলেছে বলে জানিয়েছে রয়টার্স। পশ্চিমা দেশগুলোর উপর সাইবার আক্রমণের সঙ্গে সংশ্লিষ্টদের রাশিয়ায় কোনো রকম আইনি পদক্ষেপের মুখোমুখী হওয়ার ঘটনা নেহাতই বিরল।
‘25th Floor’ নামের নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নিকোলাই ভলচকভ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও ওই প্রতিষ্ঠানের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে নিজস্ব সূত্রের মাধ্যমে জানতে পেরেছে রয়টার্স। তবে ওই ঘটনার আর কোনো বিস্তারিত তথ্য জানতে পারেনি সংবাদমাধ্যমটি।
ডেল সিকিউর নেটওয়ার্কের বিশ্লেষকদের মতে ‘ডায়ার’ সংক্রমণের শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছিল ৪শ’র বেশি আর্থিক প্রতিষ্ঠান। এটি গেল বছরের সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা ছিল বলে জানিয়েছে আইবিএম।
