২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে ফেইসবুকের উপহার

নিজেদের ১২তম জন্মদিনে সব ব্যবহারকারীর জন্য নতুন ভিডিও উপহার দিয়েছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক। সাইটটির ১শ' ৬০ কোটি ব্যবহারকারীকে এই ভিডিওতে তার বন্ধুদের সঙ্গে তোলা বিভিন্ন ছবি একত্র করে দেখানো হয়। দিনটিকে 'ফ্রেন্ডস ডে' হিসেবে আখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

ফেইসবুকে পোস্ট করা বন্ধু আর পরিবারের লোকজনের সঙ্গে তোলা ছবিগুলো দিয়ে বানানো হয়েছে এই ভিডিও প্রেজেন্টেশন। ছবিগুলো স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে বাছাই করা হয়েছে। তবে, ব্যবহারকারীরা চাইলে যাতে নিজেদের ইচ্ছামত ছবি সরাতে বা যোগ করতে পারেন, এমন সুযোগও রাখা হয়েছে। 

এই ভিডিও প্রথমে শুধু ব্যবহারকারীকেই দেখানো হচ্ছে। ব্যবহারকারী শেয়ার না করা পর্যন্ত অন্য কেউ এটি দেখতে পারবে না।

বৃহস্পতিবার সকাল থেকেই অনেক ফেইসবুক ব্যবহারকারী তাদের ফেইসবুক ফিডের উপরে এই ভিডিও দেখতে পাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।

২০০৪ সালে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াকালে এই সামাজিক যোগাযোগের এই সাইট চালু করেন মার্ক জাকারবার্গ আর তার সঙ্গীরা। শুরুতে শুধু হার্ভার্ড শিক্ষার্থীদেরই এটি ব্যবহারের সুযোগ দেন প্রতিষ্ঠাতারা। পরে, অন্যান্য বিশ্ববিদ্যালয় আর হাইস্কুল শিক্ষার্থীদের জন্যও আনা হয় এটি। ২০০৬ সাল থেকে ১৩ বা এর চেয়ে বেশি বছরের সবার জন্য আনা হয় এই সাইটে নিবন্ধনের সুযোগ। 

২০১৫ সালের সেপ্টেম্বরের এক হিসাব অনুযায়ী, বর্তমানে ফেইসবুকের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ২শ' কোটিরও বেশি।