২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্চুয়াল বাটন-এর পেটেন্ট পেল অ্যাপল

কোনো ধরনের স্পর্শ ছাড়াই মানুষ ‘বাটন’ ব্যবহার করতে পারবে এরকম এক প্রযুক্তির পেটেন্ট পাওয়ার আবেদন করেছিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। সম্প্রতি অ্যাপলের ওই পেটেন্ট আবেদন মঞ্জুর করেছে যুক্তরাষ্ট্র পেটেন্ট অফিস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

কিন্তু ঠিক কীভাবে স্পর্শ ছাড়াই বাটন কাজ করবে? প্রযুক্তিটিতে মাল্টি-টাচ ডিসপ্লের সঙ্গে ইনফ্রারেড এলইডি, ফটোডায়োড এবং অন্যান্য প্রক্সিমিটি-সেনসিং উপাদান কাজ করবে। এতে করে ডিসপ্লের কোনো অপশনের কাছাকাছি হাত নিয়ে গেলেই ডিসপ্লে বুঝে ফেলবে ঠিক কোন বাটনটি ‘প্রেস’ করতে চাচ্ছেন ব্যবহারকারী এবং তা স্বয়ংক্রিয়ভাবে প্রেস হয়ে যাবে। প্রযুক্তিটিকে ‘ভার্চুয়াল বাটন’-ও বলা হচ্ছে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম স্কাইনিউজ।

এ প্রযুক্তির পেটেন্টটি পেতে ২০১৫ সালের মার্চ মাসে আবেদন করেছিল অ্যাপল। এই সপ্তাহে ওই আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে অ্যাপল এই পেটেন্ট করা প্রযুক্তি কোনো পণ্যে ব্যবহার করবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

কারণ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো অ্যাপলও অনেক প্রযুক্তি পেটেন্ট করিয়ে রেখেছে, কিন্তু এখনও কোনো পণ্যে ব্যবহার করেনি। তবে অ্যাপল যদি এই প্রযুক্তি ব্যবহার করতে চায়, তাহলে এটি পূর্নাঙ্গভাবে কাজ করার জন্য থ্রিডি টাচের মতো প্রয়োজনীয় আনুষাঙ্গিক যে প্রযুক্তিগুলোর প্রয়োজন পড়বে, সেসব প্রযুক্তি অ্যাপলের হাতে রয়েছে বলেই জানিয়েছে স্কাইনিউজ।