২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেটেন্ট চুরি: ফের জরিমানায় অ্যাপল

জরিমানা হিসেবে পেটেন্ট লাইসেন্সিং প্রতিষ্ঠান ভার্টনেটক্স হোল্ডিং কর্পোরেশনকে ৬২ কোটি ৫০ লাখ ডলার দিতে হবে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের। অনুমতি ছাড়াই ফেইসটাইম আর আইমেসেজ ফিচারে ভার্টনেটক্স-এর ইন্টারনেট নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের অভিযোগে, অ্যাপলের বিরুদ্ধে এই জরিমানা ধার্য করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আদালত।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 07:36 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

এই বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে ভার্টনেটক্স-এর পক্ষ থেকে ৫৩ কোটি ২০ লাখ ডলার জরিমানা চাওয়া হয়েছিল বলে জানিয়েছে রয়টার্স। কিন্তু অ্যাপল ইচ্ছাকৃতভাবে এই পেটেন্ট লঙ্ঘন করেছে বলে জানিয়েছে আদালত, আর বেড়ে গেছে জরিমানা অংকটাও।

চলতি বছর যে প্রতিষ্ঠানের পকেটে ২১ হাজার ৬শ' কোটি ডলার জমা আছে সেই অ্যাপলের জন্য এই জরিমানা খুব মোটেই কোনো হুমকি নয়। তবে, পেটেন্টবিষয়ক মামলার হিসেবে এই অংকটা বিশালই বটে। এ কারণে আপিল করার কথা জানিয়ে অ্যাপলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “আমরা এমন রায়ে হতভম্ব ও হতাশ।”

বুধবার যুক্তরাষ্ট্রের ডিসট্রিক্ট জাজ রবার্ট স্ক্রোডার-এর কাছে আদালতের নথিপত্র জমা দিয়ে, এই রায় বাতিলের আবেদন করেছে অ্যাপল। চূড়ান্ত বিচারকার্য চলার সময় ভার্টনেটক্স-এর আইনজীবী বিচারককে ভুলভাবে প্ররোচিত করেছেন বলে দাবি করা হয়েছে ওই আবেদনে।

অন্যদিকে, ভার্টনেটক্স আইনজীবী জ্যাসন ক্যাসাডি বলেছেন, "আমরা যা বলেছি সবই বিচারক দেখেছেন: অ্যাপল বছরের পর বছর ভার্টনেটক্স-এর প্রযুক্তির পেটেন্ট লঙ্ঘন করে আসছে।"

অ্যাপলের আইফোনে ব্যবহৃত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আর ফেইসটাইম ভিডিও কনফারেন্সিং অ্যাপ্লিকেশনে ভার্টনেটক্স-এর পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে, এমন অভিযোগে ২০১০ সালে অ্যাপলের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি।

আইফোন, আইপড টাচ, আইপ্যাড আর ম্যাক কম্পিউটারগুলোতে অ্যাপল ভার্টনেটক্স-এর চারটি পেটেন্ট লঙ্ঘন করেছে, এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর অ্যাপলের বিরুদ্ধে ৩৬ কোটি ৮২ লাখ ডলার ক্ষতিপূরণ ধার্য করেন এক বিচারক।