২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল এআই প্রধান এখন নতুন সার্চ প্রধান

অবসরে যাচ্ছেন গুগল সার্চ প্রধান আমিট সিংঘাল। সিংঘালের অবসরের পর গুগল সার্চ প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বিভাগের প্রধান জন গিয়ানানড্রিয়া। বাজার বিশ্লেষকরা এ বিষয়ে মন্তব্যে জানিয়েছেন, ওয়েব জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটির এই পদক্ষেপ দেখে মনে হচ্ছে তারা নিজেদের সার্চ ইঞ্জিনকে আরও কার্যকর করে তুলতে আগ্রহী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 07:29 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড ৩ ফেব্রুয়ারি এক আনুষ্ঠানিক ঘোষণায় তাদের ইন্টারনেট সার্চ ব্যবসায়ের প্রধান সিংঘাল-এর অবসর গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ গুগল প্রতিষ্ঠার দুই বছর পর, ২০০০ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন সিংঘাল। তিনি সার্চ প্রধান থাকাকালীন অ্যাডওয়ার্ডস ডেভেলপ করেছে গুগল, এ প্রযুক্তিটিতে সার্চ সেবা গ্রহণকারীদের সার্চের ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটির আয়ের অন্যতম বৃহৎ উৎস হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস।

অন্যদিকে নতুন সার্চ প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়ানানড্রিয়া। এতদিন তিনি প্রতিষ্ঠানটির আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স-এর প্রধানের দায়িত্বে ছিলেন। এ ছাড়াও গিয়ানানড্রিয়া গুগলের প্রকৌশল বিভাগের ভাইস-প্রেসিডেন্ট। গিয়ানানড্রিয়া এতদিন মেশিন লার্নিং প্রক্রিয়া নিয়ে গবেষণা করেছেন। মেশিন লার্নিং প্রক্রিয়ার গবেষণার মূল বিষয় ছিল, ব্যবহারকারীদের কাজ বিশ্লেষণ করে কীভাবে কম্পিউটারের কর্মদক্ষতা উন্নত করা যায়।

বিশ্লেষকরা ধারণা করছেন, গিয়ানানড্রিয়া-কে সার্চ প্রধানের দায়িত্ব দেওয়ায় প্রতিষ্ঠানটির সার্চ প্রযুক্তিতে সামনে ‘গুগল’স পার্সোনাল অ্যাসিসট্যান্ট’-এর মতো বেশ কিছু মেশিন লার্নিং ফিচার যোগ হতে যাচ্ছে। তবে গুগল সার্চ প্রধানের অবসর গ্রহণের সংবাদটি শেয়ার বাজারে প্রভাব ফেলেছে।

সিংঘাল-এর অবসর গ্রহণের ঘোষণা ছড়িয়ে পড়ার পরপরই প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ৪.০৩ শতাংশ কমে ৭৪৯ ডলার ৩৮ সেন্ট-এ এসে ঠেকেছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। প্রতিষ্ঠানটি শেষ নিজেদের শেয়ারের এরকম দরপতন দেখেছিল ২০১৫ সালের অগাস্টে।