২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামাজনের পরিকল্পনা ফাঁস উদ্দেশ্য ছিল না

ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ৪০০ বইয়ের দোকান চালু করতে যাচ্ছে, সম্প্রতি এমনটা জানান যুক্তরাষ্ট্রের  শপিং মল পরিচালনা প্রতিষ্ঠান জেনারেল গ্রোথ প্রোপার্টিজ-এর প্রধান নির্বাহী সন্দিপ মাঠরানি। কিন্তু এ বিষয়ে কিছু স্পষ্ট করেনি অ্যামাজন, প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, তাদের প্রতিষ্ঠান 'গুজব আর জল্পনা' নিয়ে কোনো মন্তব্য করে না। আর এই খবর প্রকাশের পর পড়ে যায় অ্যামাজনের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দেশটির চেইন বুকস্টোর বেয়ারস অ্যান্ড নোবল-এর শেয়ার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 07:23 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

রয়টার্স জানিয়েছে, নিজের মন্তব্য থেকে সরাসরি সরে না এলেও মার্কিন ই-কমার্স জায়ান্টটির পরিকল্পনা ফাঁসের ‘কোনো উদেশ্য ছিল না’ বলে জানিয়েছেন মাঠরানি। তবে, এ বিষয়ে আর কথা বাড়াতে নারাজ জেনারেল গ্রোথের ভাইস প্রেসিডেন্ট কেভিন বেরি।

অন্যদিকে, প্রযুক্তি সাইট রি/কোড এক প্রতিবেদনে জানায়, অ্যামাজন আরও বইয়ের দোকান চালু করতে পারে। তবে, ৩শ' থেকে ৪শ' দোকান খোলার মতো কোনো পরিকল্পনা এখনও নেওয়া হয়নি। সাম্প্রতিককালে সাইটটিতে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অ্যামাজন একজন সহকারী দোকান ব্যবস্থাপক নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটি দোকানে অন্যান্য পণ্য বিক্রি করার পরিকল্পনাও করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। কিন্তু আসলে কোন ধরনের পণ্য বিক্রি করা হবে তা স্পষ্ট করা হয়নি।

মুদিপণ্য থেকে শুরু করে টেলিভিশন প্রোগ্রামিং- সব খাতেই এখন অ্যামাজনের ব্যবসা ছড়িয়ে পড়লেও, ২০ বছর আগে যাত্রাকালে প্রতিষ্ঠানটি বইবিক্রেতাই ছিল।

অ্যামাজনের বর্তমান দোকানটিতে শুধু বই-ই নয়, সঙ্গে আরও কিছু সুবিধাও পাওয়া যায়। কিন্ডল, ইকো, ফায়ার টিভি আর ফায়ার ট্যাবলেটের মতো আম্যাজনের ডিভাইসগুলো চালিয়ে দেখার সুযোগও দেওয়া হয় ওই দোকানে।