চালকবিহীন গাড়ি বানাবে না পোর্শ
অন্যান্য অটোমোবাইল প্রতিষ্ঠানের মতো চালকবিহীন গাড়ি তৈরির কোনো পরিকল্পনা নেই জার্মান অটোমোবাইল নির্মাতা পোর্শ-এর ---জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অলিভার ব্লুম।
এ প্রসঙ্গে অলিভার ব্লুম জানিয়েছেন, যারা পোর্শ চালান, তারা নিজেই তা চালাতে আগ্রহী। ব্লুম আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গেও জোঁট বাঁধবেন না।
অন্যদিকে বাজার বিশ্লেষক মার্কিন প্রতিষ্ঠান বস্টন কনসাল্টিং গ্রুপ ভবিষ্যদ্বাণী করেছে, ২০২৫ সাল নাগাদ ১৩ শতাংশ গাড়িতে স্বয়ংক্রিয় ফিচারের উপস্থিতি দেখা যাবে। এদিকে আবার পোর্শ-এর চালকবিহীন গাড়ির ব্যাপারে উৎসাহ না থাকলেও ইলেকট্রিক গাড়ি তৈরির ইচ্ছা রয়েছে বলেই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ইলেকট্রিক গাড়ি প্রসঙ্গে ব্লুম জানিয়েছেন, বাজারে ইলেকট্রিক গাড়ি নিয়ে আসার ইচ্ছা রয়েছে পোর্শ-এর। এ ছাড়াও ২০১৮ সালের শুরুর দিকেই বাজারে ৯১১ মডেলের একটি প্লাগ-ইন হাইব্রিড গাড়ি নিয়ে আসবে পোর্শ। গাড়িটি প্রতি চার্জে ৫০ কিলোমিটার চলবে।
পোর্শ নিজেদের ইলেকট্রিক গাড়ি তৈরির প্রকল্পের নাম দিয়েছে ‘মিশন ই’। মিশন-ই-এর অধীনেই তৈরি হবে পোর্শ-এর সব ইলেকট্রিক গাড়ির মডেল। আর ইলেকট্রিক গাড়ি তৈরির বিষয়টিকে আরও ত্বরাণিত করতেই হয়তো ‘মিশন ই’-এর জন্য ১১০ কোটি ডলার খরচ করার পরিকল্পনা করেছে পোর্শ।
এদিকে চালকবিহীন গাড়ির তৈরির জন্য পোর্শ-এর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী মার্কিন অটোমোবাইল নির্মাতা ফোর্ড ইতোমধ্যেই প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে জোঁট বেধেছে। আর ২০১৮ সাল নাগাদ সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে আসার ঘোষণা দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।
