এবার গেইম খাতে টেইলর সুইফট
নিজের প্রথম মোবাইল গেইম বের করতে যাচ্ছেন পপ গায়িকা টেইলর সুইফট।
চলতি বছরের শেষের দিকে বের হতে যাওয়া একটি অ্যাপের সঙ্গে আনা হবে এই গেইম। অনলাইন স্মার্টফোন গেইমিং বিশ্বে এটিই তার প্রথম পদচারণা বলে জানিয়েছে বিবিসি। হলিউড রিয়ালিটি শো স্টার কিম কার্দাশিয়ান-এর প্রতিষ্ঠান গ্লু মোবাইলের সহায়তার এই গেইম বানাচ্ছেন তিনি।
এই গেইমে গেইমাররা সেলিব্রিটি ভূমিকায় থাকবেন। ভক্ত সংখ্যা বাড়ানোর মাধ্যমে আর ই-লিস্ট থেকে এ-লিস্টে গিয়ে নিজেদের মর্যাদা বাড়াতে হবে তাদের।
টেইলর সুইফটের সঙ্গে এই চুক্তিকে একটি 'বহুবছরের চুক্তি' হিসেবে আখ্যা দিয়েছে গ্লু মোবাইল।
পারসোনালাইজড মোবাইল গেইম বানাতে বিশ্বের অনেক বড় বড় তারকার সঙ্গে চুক্তিতে মনোযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে মাইক্রোব্লগিং সাইট টুইটারে টেইলর সুইফটের ফলোয়ার সংখ্যা প্রায় ৭ কোটি ১০ লাখ, আর ফেইসবুকে ৭ কোটি ৪০ লাখ মানুষ তাকে 'লাইক' করেন। অনলাইনে মোবাইল ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ।
প্রতিষ্ঠান প্রধান নিকোলো মাসি বলেন, “আমরা বুঝতে পেরেছি টেইলর আর তার সারা বিশ্বের ভক্তরা নতুন আর সম্পূর্ণ ভিন্ন মোবাইল গেইমিং অভিজ্ঞতা পেতে আশাবাদী।”
এর আগে ব্রিটনি স্পিয়ার্স, কেটি পেরি-এর মতো পপ তারকা আর তারকা পাচক গর্ডন রামসে-এর সঙ্গেও চুক্তি করে প্রতিষ্ঠানটি।
