২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক টানতে টুইটারের নতুন হোমপেইজ

টুইটারের সঙ্গে যুক্ত নন এমন মানুষদেরও নিজ সেবার সঙ্গে সংযুক্ত করতে নতুন হোমপেইজ তৈরি করছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। নতুন ওই হোমপেইজে তারকা ও বিভিন্ন সংবাদমাধ্যমের ‘রিয়াল-টাইম’ আপডেট দেখা সম্ভব হবে এবং ব্যবহারকারীরা টুইট সার্চ করতে পারবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 07:00 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

এতদিন নতুন হোমপেইজ ডিজাইনটি শুধু যুক্তরাষ্ট্র ও জাপানে পরীক্ষা করে দেখেছে টুইটার, এখন হোমপেইজ ডিজাইনটি আরও ২১টি দেশের জন্য ছাড়া হয়েছে। টুইটারের নতুন হোমপেইজ প্রসঙ্গে ডিজিটাল পরামর্শদাতা প্রতিষ্ঠান সোহো স্ট্র্যাটেজির ডেভিড উইলকিনসন বলেছেন, “পুরনো হোমপেইজটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে করে মানুষ টুইটারে যোগ দেয় এবং সেবাটির মোবাইল অ্যাপ ডাউনলোড করে।”

২০১৪ সালে শেয়ার বাজারে পা রাখার পর থেকেই ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী স্ন্যাপচ্যাট ও ফেইসবুকের সঙ্গে প্রতিযোগিতা করছে টুইটার। এখনও প্রতিযোগিতাটিতে ঠিক সুবিধা করে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতি মাসে টুইটারের হোমপেইজ মোট ৫০ কোটি মানুষ ভিজিট করলেও, সেবাটির নিবন্ধিত সদস্যের সংখ্যা ৩২ কোটি বলেই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

নিজেদের নতুন হোমপেইজ প্রসঙ্গে টুইটার এক বিবৃতিতে জানিয়েছে, “আজ থেকে, যে কোনো মানুষ ভিন্ন ভিন্ন ‘টপিক’ এবং ‘স্টোরি’ খুঁজতে ও দেখতে পারবেন। এগুলোর মধ্যে এমন অনেক কিছুই পাবেন যা আপনার ভৌগলিক অবস্থান বিবেচনা করে দেওয়া হয়েছে।”