২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচকের কাছে গাড়ি বেচবে না টেসলা

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা আর এর প্রধান নির্বাহী ইলন মাস্ককে নিয়ে সমালোচনা করেছিলেন এক আগ্রহী ক্রেতা, উত্তরে ওই ব্যক্তির কাছে গাড়ি বিক্রি করতে অস্বীকৃতি জানিয়ে তার অর্ডার বাতিল করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 05:02 AM

Updated : 20 Aug 2022, 11:47 AM

স্টুয়ার্ট অ্যালসপ নামের ওই ব্যক্তি একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট। এক ব্লগ পোস্টে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সমালোচনা করেছিলেন তিনি। সে কারণেই তার টেসলা মডেল এক্স এসইউভির অর্ডার বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ওই ব্লগপোস্টে তিনি অভিযোগ করেছিলেন, গেল বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত মডেল এক্স উন্মোচনী অনুষ্ঠানে শুরু হতে দুই ঘণ্টা দেরি হয়েছিল, অতিথিদের কোনো খাবারও সরবরাহ করা হয়নি টেসলার পক্ষ থেকে। 

‘অতি-অভদ্র’ গ্রাহক হিসেবে অ্যালসপের ‘সেবা বাতিল’ করা হয়েছে বলে টুইট করেছেন মাস্ক। তার উদ্দেশ্যে অ্যালসপ বলেন, “সর্বশেষ ফলাফলে আপনার সিদ্ধান্ত হচ্ছে আমি আপনার একটি গাড়ি কিনতে পারবো না, আর আমি এতে চরম হতাশ।”

অ্যালসপ নিজস্ব ব্লগে বিএমডব্লিউসহ অন্যান্য অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের গ্রাহক সেবা নিয়েও নানা সমালোচনা করেছেন বলে জানিয়েছে স্কাই নিউজ।

নিজের সর্বশেষ পোস্টে তিনি বলেন, “আমি এটাও মানছি যে, টেসলার নিষেধাজ্ঞায় আমি কিছুটা হতচকিত। যখন ব্লগে বিএমডব্লিউ এক্স১ নিয়ে ‘মাই কার মেইকস মি ফিল স্টুপিড’ শিরোনামের একটি পোস্ট লিখেছিলাম, তখন তো বিএমডব্লিউ প্রধান আমার গাড়ি ফিরিয়ে নেননি!”

“আর অনেক লেখাতেই আমি পণ্য, প্রতিষ্ঠান আর মানুষের সমালোচনা করে থাকি, আমার সঙ্গে ব্যবসা করতে কখনও কোনো প্রতিষ্ঠান নিষেধাজ্ঞা আরোপ করেনি”--যোগ করেন তিনি।