উবারের নতুন লোগো
নতুন লোগো উন্মোচন করেছেন মোবাইল আপ্যের মাধ্যমে ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের প্রধান নির্বাহী ট্র্যাভিস কালানিক। কিন্তু নতুন লোগো পছন্দ হয়নি সেবা গ্রাহকদের অনেকেরই, মাইক্রোব্লগিং সেবা টুইটারে সমালোচনার ঝড় উঠেছে প্রতিষ্ঠানটির নতুন লোগো নিয়ে।
নতুন লোগোর ভেতরকার ‘বিট’-ই ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন উবার প্রধান। তিনি বলেন, “চালক আর যাত্রী উভয়ের আইকনের কেন্দ্রে থাকবে ওই বিট, আর এর পেছনে স্থান ভেদে পরিবর্তন হবে ব্যাকগ্রাউন্ডের রঙ আর প্যাটার্ন।”
আগের লোগোটি অনেক বেশি পুরনো হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন কালানিক। এখন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহরের জন্য আলাদা রঙ দিয়ে লোগো সাজাতে চান বলে জানিয়েছেন তিনি।
ওয়েবসাইট আর অ্যাপে ওই বিট একই রকম থাকলেও, এর পেছনের রঙ আর প্যাটার্নগুলো স্থানভেদে বদলে যাবে।
কালানিক বলেন, “প্রতিটি শহরের নিজস্ব চরিত্র আছে, আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে প্রতিটি দেশ আর শহরের জন্য আলাদা আলাদা নকশা রাখা। এর মানে হচ্ছে, ধীরে ধীরে শতাধিক রঙয়ের প্যাটার্ন যোগ করতে হবে।”
অন্যদিকে উবারের নতুন ওই লোগো নিয়ে টুইটারে সমালোচনার ঝড় বইছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট। অনেক টুইটার ব্যবহারকারী নতুন ওই লোগোকে ‘কুৎসিত’ বলে আখ্যা দিয়েছেন। ‘পরিবর্তনের অজুহাতে’ কেন ওই বদল আনা হল সে প্রশ্ন নিয়ে অনেকেই বিভ্রান্ত বলে জানিয়েছে বিলেতি দৈনিকটি।
উবার অন্যান্য শিল্প খাতে প্রবেশের ঘোষণা দেওয়ার পরপরই অভিষেক হল সেবাটির নতুন লোগোর। ২০১৫ সালে কানাডার টরন্টোতে আইফোন ব্যবহারকারীদের জন্য উবারইটস (UberEats) নামের খাবার সরবরাহ সেবা চালু করে প্রতিষ্ঠানটি।
