২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইয়ের দোকান বাড়াবে অ্যামাজন

৪শ' বইয়ের দোকান চালু করার পরিকল্পনা করছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। যুক্তরাষ্ট্রের একটি বড় শপিংমলের একজন নির্বাহী এ কথা জানিয়েছেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 03:37 PM

Updated : 12 Apr 2022, 01:21 AM

২০১৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে প্রথম বইয়ের দোকান খোলে অ্যামাজন। বইয়ের দোকান বাড়ানোর এই পদক্ষেপ প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বলে জানিয়েছে রয়টার্স। সত্যিই অনলাইনে বই ব্যবসা চালানো এই প্রতিষ্ঠান যদি আবার কাগজে বই বিক্রির দিকে ফিরে যায়, তবে ব্যপারটাকে কিছুটা আজব তো বলা যেতেই পারে।

যুক্তরষ্ট্রের শপিংমল পরিচালনা প্রতিষ্ঠান জেনারেল গ্রোথ প্রোপার্টিজ-এর প্রধান নির্বাহী সন্দিপ মাঠরানি বলেন, "অ্যামাজন যে ইট-পাথরে বানানো বইয়ের দোকান চালু করছে তা আপনারা জানেন, আর আমি যা বুঝতে পারছি- তাদের লক্ষ্য ৩শ' থেকে ৪শ' বইয়ের দোকান খোলা।" অন্যদিকে, একই প্রতিষ্ঠানের বিনিয়োগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেভিন বেরি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেন। 

এ বিষয়ে অ্যামাজনের একজন মুখপাত্র জানান, তাদের প্রতিষ্ঠান 'গুজব আর জল্পনা' নিয়ে কোনো মন্তব্য করে না।

অ্যামাজনের বর্তমান দোকানটিতে শুধু বই-ই নয়,সঙ্গে আরও কিছু সুবিধাও পাওয়া যায়। কিন্ডল, ইকো, ফায়ার টিভি আর ফায়ার ট্যাবলেটের মতো আম্যাজনের ডিভাইসগুলো চালিয়ে দেখার সুযোগও দেওয়া হয় ওই দোকানে।

অ্যামাজন বইয়ের দোকান বাড়ানোর এই পদক্ষেপ নিলে, প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চেইন বুকস্টোর বেয়ারস অ্যান্ড নোবেল-এর জন্য প্রতিকূলতা বাড়াতে পারে। জানুয়ারির হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি ৬শ' ৪০টি বইয়ের দোকান পরিচালনা করছেন।