অ্যাপলের মার্চ ইভেন্ট কবে?
পণ্য উন্মোচনের জন্য মার্চে তারিখ নির্ধারণ করেছে টেক জায়ান্ট অ্যাপল।
১৫ মার্চ আইফোন ৫এসই, ৪ ইঞ্চি আইফোন ৫এস-এর একটি আপডেটেড ভার্সন আর আইপ্যাড এয়ার ৩ বের করা হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদসাইট ভার্জ।
চলতি বছরের শুরু থেকেই মার্চের ঠিক কবে এই ইভেন্ট করা যায় তা নিয়ে নজর রাখছিল অ্যাপল। আর এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত অ্যাপলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
আইফোন ৫এসই-এর দাম আইফোন ৫এস-এর সমানই রাখা হবে, ১৬জিবি-এর দাম সাড়ে ৪শ' ডলার। এই সংস্করণটি 'আইফোন ৬এস-এর ফিচার সমৃদ্ধ একটি আইফোন ৫এস' হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এতে থ্রিডি টাচ ডিসপ্লে রাখা হবে কিনা তা নিয়েও শোনা যাচ্ছে নানা রকম গুজব।
আইপ্যাড এয়ার ৩-এ আইপ্যাড প্রো-এর মতো উন্নত স্পিকার আর অ্যাকসেসোরিজ ব্যবহার সহজ করতে স্মার্ট কানেকটর রাখা হবে বলে ধারণা করে হচ্ছে। ২০১৪ সালের অক্টোবরে আইপ্যাড এয়ার ২ আনার পর থেকে এটিই অ্যাপলের ৯.৭ ইঞ্চি ট্যাবলেটের প্রথম আপডেট হতে যাচ্ছে। সেই সঙ্গে অ্যাপল নতুন রঙ্গীন অ্যাপল ওয়াচ স্পোর্ট ব্যান্ড আর অ্যাকসেসোরিজে কিছু বাড়তি সংযোজন আনবে বলেও আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ পেতে হয়তো অপেক্ষার প্রহরটা আরেকটু বাড়াতে হবে। এই পণ্য সেপ্টেম্বরে আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে, অ্যাপল মার্চ মাসেই নতুন ডিজাইনের রিস্টব্যান্ডের পাশাপাশি ওয়াচ ওএস ২.২ সফটওয়্যার আপডেটও উন্মুক্ত করবে বলে জোর গুজব রয়েছে।
