২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইফটকি এখন মাইক্রোসফটের

যুক্তরাজ্যভিত্তিক এক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রতিষ্ঠান কিনেছে মাইক্রোসফট। ২৫ কোটি ডলারের বিনিময়ে সুইফটকি নামের ওই এআই প্রতিষ্ঠানটিকে নিজ মালিকানায় নিয়ে এসেছে সফটওয়্যার জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 03:22 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

অনুমাননির্ভর কিবোর্ড-এর জন্য সুইফটকি বেশ পরিচিত। বর্তমানে লাখো স্মার্টফোন ডিভাইসে সুইফটকি ব্যবহার করা হচ্ছে। মাইক্রোসফটের সাম্প্রতিক ওই ক্রয় প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলেই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। অন্যদিকে বিষয়টি নিয়ে সুইফটকি-এর মুখপাত্র জানিয়েছেন, গুজব এবং অনুমানের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি নন তারা।

যুক্তরাষ্ট্রের এরকম যুক্তরাজ্যভিত্তিক এআই প্রতিষ্ঠান কেনার বিষয়টি নতুন কিছু নয়। এর আগে ৪০ কোটি ডলারের বিনিময়ে ২০১৪ সালে ‘ডিপমাইন্ড’ প্রতিষ্ঠানটিকে কিনেছিল প্রযুক্তি জায়ান্ট গুগল এবং মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি ভোকালআইকিউ নামের একটি প্রতিষ্ঠান কিনেছে।

বিবিসি জানিয়েছে, সুইফটকি-এর প্রযুক্তিকে মাইক্রোসফট তাদের নতুন মোবাইল কৌশলের জন্য ব্যবহার করতে পারে। প্রতিষ্ঠানটি উইন্ডোজ ফোনের মাধ্যমে বাজারে তেমন একটা সুবিধা করতে পারেনি। আর তাই মাইক্রোসফট এখন হার্ডওয়্যারের বদলে এমন কার্যকরী সফটওয়্যার বানাতে চাইছে যা যেকোনো ডিভাইসে ব্যবহার করা সম্ভব হবে।

শুধু স্মার্টফোনের জন্য নয়, অন্য একটি কারণেও সুইফটকি বিশেষভাবে পরিচিত। বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জন্য যে কম্পিউটারটি তৈরি করা হয়েছে, সে কম্পিউটারেও সুইফটকি রয়েছে বলেই জানিয়েছে বিবিসি।