২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিনটেনডোর চতুর্থ প্রান্তিক ও আগামী...

২০১৫ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে জাপানি প্রতিষ্ঠান নিনটেনডো। ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ৩৬ শতাংশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 03:09 PM

Updated : 25 Jul 2022, 09:20 PM

২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত চলমান চতুর্থ প্রান্তিকে মোট ২৪ কোটি ১০ লাখ ডলার আয় করেছে জাপানি ওই প্রতিষ্ঠানটি। নিনটেনডোর উয়ি ইউ কনসোলের জন্য নির্মিত গেইমগুলোর বিক্রি কম হওয়ায় চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ও মুনাফার পরিমাণও কমে এসেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

অন্যদিকে গত বছরের শেষ প্রান্তিকের এরকম আর্থিক ফলাফলের কারণে নিনটেনডোর নতুন কনসোলের আনুষ্ঠানিক ঘোষণাটিও অনেকটাই চাপের মুখে পড়ে গেছে বলে মন্তব্য করেছে বিবিসি। এদিকে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই তাদের নতুন ভিডিও গেইম কনসোল ‘নিনটেনডো এনএক্স’-এর জন্য নির্বাচিত ডেভেলপারদেরকে সফটওয়্যার কিট পাঠানো শুরু করেছে।

আয় ও মুনাফা কম হলেও প্রতিষ্ঠানটি ‘উয়ি ইউ’ কনসোলের ‘প্লাটফর্ম গেইম’ হিসেবে যে পরিমাণ ‘স্প্লাটুন শুটার’ ও ‘সুপার মারিয়ো মেকার’ বিক্রি করতে পেরেছে, সেটিকেই নিজেদের চতুর্থ প্রান্তিকের সফলতা হিসেবে বিবেচনা করছে নিনটেনডো। এখন পর্যন্ত গেইম দুটির মোট ৭৪ লাখ কপি বিক্রি হয়েছে। কিন্তু এ প্রসঙ্গে এক বাজার বিশ্লেষক জানিয়েছেন, বিষয়টি নিয়ে খুশি হওয়ার মতো কোনো কারণ নেই, বাজারে নিনটেনডোর মোট ১ কোটি ২ লাখ ৫০ হাজার উয়ি ইউ কনসোল বিক্রি হয়েছিল। সে তুলনায় দুটি গেইমের মোট ৭৪ লাখ কপি বিক্রি হওয়ার ব্যাপারটি হতাশাজনক। সেদিক থেকে বিচার করলে বিক্রি হওয়া কনসোলের তুলনায় গেইমের বিক্রির পরিমাণ যথেষ্ট কম। এমনকি বড়দিনের মৌসুমেও প্রতিষ্ঠানটি ‘উয়ি ইউ’ কনসোল গেইম বিক্রিতে ব্যর্থ হয়েছে বলেই জানিয়েছেন ওই বাজার বিশ্লেষক।

এ বিষয়ে বাজার বিশ্লেষক আইএইচএস কনসালটেন্সির পিয়ার্স হার্ডিং-রোলস বলেছেন, “উয়ি ইউ যেভাবে বাজারজাত করা হয়েছিল তা ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।” ২০১৫ সালের জুলাইয়ে নিনটেনডোর সাবেক প্রধান নির্বাহী সাতুরু ইওয়াতা মারা যাওয়ার পর প্রধান নির্বাহী হিসেবে প্রতিষ্ঠানটির হাল ধরেছেন তাতসুমি কিমিশিমা।

দায়িত্ব গ্রহণের পর স্মার্টফোন অ্যাপ উন্মোচনের মাধ্যমে বর্তমান প্রধান নির্বাহী কিমিশিমা প্রতিষ্ঠানটির আগের গতিপথ অনেকটা পরিবর্তন করলেও বিশ্লেষক হার্ডিং-রোলস জানিয়েছেন, প্রতিষ্ঠানটির মূল মনোযোগ সবসময় উয়ি ইউ কনসোলের পরবর্তী সংস্করণ নিনটেনডো এনএক্স-এর দিকেই ছিল।

এ প্রসঙ্গে হার্ডিং-রোলসের বক্তব্য হচ্ছে, “আমি মনে করি, চলতি বছরের জুন মাসের ই৩ (E3) গেইমস এক্সপোতে আমরা অবশ্যই এনএক্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। এমনকি কনসোলটি আঞ্চলিকভাবে লঞ্চ করারও সম্ভাবনা রয়েছে, পরে হয়তো কনসোলটি বিশ্বজুড়ে লঞ্চ করা হবে।”