স্মার্ট গ্যাজেট খুব একটা স্মার্ট নয়!
সাম্প্রতিক এক গবেষণায় ভিন্ন ভিন্ন চারটি স্মার্ট গ্যাজেটে নিরাপত্তা ত্রুটি আবিষ্কার করেছেন গবেষকরা। পরবর্তীতে ওই নিরাপত্তা ত্রুটিগুলো সম্পর্কে জানানো মাত্র দ্রুত গ্যাজেটগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
পৃথক পৃথক গবেষণায় ভিডিও ক্যামেরা যুক্ত স্মার্ট ডোরবেল, শিশুদের ট্র্যাক করা সম্ভব এরকম খেলনা ও শিশুদের গতিবিধি নজরে রাখতে সাহায্য করে এমন জিপিএস এবং মটোরোলা ফোকাস আউটডোর ক্যামেরায় নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছিলেন গবেষকরা।
নিরাপত্তা ত্রুটিগুলোর সুযোগ নিয়ে যে কোনো সময় স্মার্ট গ্যাজেটগুলোতে সরাসরি আক্রমণ চালানো সম্ভব হত বলেই জানিয়েচেন গবেষকরা। গবেষকরা আরও জানিয়েছেন, স্মার্ট গ্যাজেটগুলোর ডিফল্ট পাসওয়ার্ড ও ‘বাজে নিরাপত্তা অনুশীলনের’ সুযোগে সাইবার অপরাধীরা প্রয়োজনীয় ডেটা সহজেই হাতিয়ে নিতে পারত।
স্মার্ট গ্যাজেটগুলোর মধ্যে শিশুদের ট্র্যাক করা সম্ভব এরকম খেলনা এবং শিশুদের গতিবিধি নজরে রাখতে সাহায্য করে থাকে এমন জিপিএস-এর নিরাপত্তা ত্রুটিগুলো আবিষ্কার করেছেন র্যাপিড৭-এর নিরাপত্তা গবেষক টড ব্র্যাডস্লে। গবেষণায় তিনি দুটি ভিন্ন ভিন্ন সংস্থার গ্যাজেট পরীক্ষা করেছিলেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে খেলনা স্মার্ট টেডি বিয়ার যা ওয়াই-ফাইয়ের মাধ্যমে শিশুর অবস্থান জানায়, আর দ্বিতীয়টি হচ্ছে হিয়ারও জিপিএস ঘড়ি, যেটির মাধ্যমে শিশুরা কোন সময় কোথায় রয়েছে বা যাচ্ছে তা জানা সম্ভব হয়।
গবেষণায় ব্র্যাডস্লে আবিষ্কার করেন, স্মার্ট টেডি বিয়ার খুবই দুর্বল প্রক্রিয়ায় ওয়েবের সঙ্গে যোগাযোগ বজায় রাখে, যা থেকে তথ্য হাতিয়ে নিতে সাইবার অপরাধীদের তেমন কোনো কষ্ট করতে হবে না। ঠিক একই ধরনের সমস্যা হিয়ারও জিপিএস ঘড়িতেও ছিল বলেই জানিয়েছেন তিনি।
অন্যদিকে কনটেক্সট আইএস-এর গবেষকরা এক গবেষণায় জানতে পারেন, মটোরোলা ফোকাস আউটডোর ক্যামেরায় এমন নিরাপত্তা ত্রুটি রয়েছে যা ব্যবহার করে সাইবার অপরাধী দূর থেকেই ক্যামেরার নিয়ন্ত্রণ সহজেই নিজ হাতে নিয়ে নিতে এবং যে নেটওয়ার্কের সঙ্গে ক্যামেরাটি সংযুক্ত সেটিতে অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারবে।
এদিকে স্মার্ট ডোরবেল-এর সঙ্গে ভিডিও ক্যামেরা রয়েছে যার মাধ্যমে গ্যাজেটটির ব্যবহারকারী কেউ বেল বাজালেই, অ্যাপের মাধ্যমে নিজ স্মার্টফোনে দেখতে পারবেন কে এসেছে। এমনকি তিনি যদি বাড়ির বাইরেও থাকেন, তাহলেও এ সেবা পাবেন। কিন্তু পেনটেস্ট পার্টনার্স-এ নিরাপত্তা গবেষকরা আবিষ্কার করেন, ডোরবেলটির উপরিভাগ সড়িয়ে শুধু সেট-আপ কি চেপে ধরলেই জানা সম্ভব হবে ঠিক কোন ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে বেলটি যুক্ত রয়েছে।
গবেষকরা এ বিষয়গুলো স্মার্ট গ্যাজেটগুলোর নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে জানানোর পর তারা যত দ্রুত সম্ভব এসব নিরাপত্তা ত্রুটির সমাধান করেছে এবং এতদিন এসব নিরাপত্তা ত্রুটি থাকলেও গ্যাজেটগুলোর কোনোটিই সাইবার আক্রমণের শিকার হয়নি বলেই জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
