ফেইসবুককে ওবামা প্রশাসনের সাধুবাদ
আগ্নেয়াস্ত্র বিষয়ে ফেইসবুক ইনকর্পোরেটেডের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ওবামা প্রশাসন। ২৯ জানুয়ারি নিজ নীতিমালায় পরিবর্তন এনেছে ফেইসবুক। নতুন ওই নীতিমালা অনুযায়ী, ফেইসবুক ও ফেইসবুক মালিকানাধীন ইনস্টাগ্রাম প্লাটফর্মে কোনো একক ব্যক্তি আর নিজ আগ্নেয়াস্ত্র বিক্রির ব্যাপারে বিজ্ঞাপন দিতে পারবেন না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আগ্নেয়াস্ত্র ক্রয় বিষয়ে নতুন বিধিনিষেধ আরোপের তিন সপ্তাহের মাথায় নিজেদের সাইটে ওই পরিবর্তনটি নিয়ে এসেছে ফেইসবুক-- জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। ওবামা প্রশাসনের নতুন বিধিনিষেধ অনুযায়ী, সব আগ্নেয়াস্ত্র বিক্রেতা সম্পর্কে ব্যাকগ্রাউন্ড চেক করা হবে এবং মানসিকভাবে অসুস্থ বা আগে সহিংসতার রেকর্ড রয়েছে এমন মানুষের কাছে আগ্নেয়াস্ত্র বিক্রি করা যাবে না।
এ বিষয়ে ফেইসবুকের পদক্ষেপকে সাধুবাদ জানানোর পাশাপাশি হোয়াইট হাইজ মুখপাত্র জশ আর্নেস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, “অবশ্যই, আমরা ফেইসবুকের মতো বেসরকারি প্রতিষ্ঠানের পদক্ষেপকে স্বাগত জানাই।”
অন্যদিকে আগ্নেয়াস্ত্রের বিষয়টি নিয়ে আগেই ফেইসবুকের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে কিনা বা প্রতিষ্ঠানগুলোকে কোনো অনুরোধ জানানো হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি আর্নেস্ট। তবে তিনি এটি জানিয়েছেন যে, আরও কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারনেটে আগ্নেয়াস্ত্র বিক্রি রোধে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
