শতকোটিতে হোয়াটসঅ্যাপ
মাসিক ব্যবহারকারীর সংখ্যায় শতকোটির মাইলফলক স্পর্শ করেছে মোবাইল মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ, জানিয়েছে এর মালিক প্রতিষ্ঠান ফেইসবুক।
প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করে ৪ হাজার ২শ' কোটি মেসেজ আর ২৫ কোটি ভিডিও পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, "এখন শতকোটি মানুষ হোয়াটস অ্যাপ ব্যবহার করেন।"
"ফেইসবুকের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আমরা আপনাদের থেকে অনেক দূরে থাকা কাছের মানুষদের ফোন করার সুবিধা যোগ করেছি। আমরা গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়া বন্ধ করেছি ও হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ বিনামূল্যের সেবা করে দিয়েছি। আগামীতে আমরা বিশ্বব্যাপী আরও মানুষকে সংযুক্ত করতে আর ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করতে কাজ করছি।"
"শুধু অল্প কিছু সেবাই শতকোটির বেশি মানুষকে যুক্ত করেছে। পুরো বিশ্বকে যুক্ত করার প্রক্রিয়ায় এই মাইলফলক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ", বলেন তিনি।
কিন্তু বিবিসি জানিয়েছে, কিছু মূল বাজারে হোয়াটস অ্যাপ এখনও স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের থেকে পিছিয়ে আছে বলে মনে করেন এক বিশ্লেষক।
ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণা প্রতিষ্ঠান আইএইচএস-এর মোবাইল বিশ্লেষক জ্যাক কেন্ট জানান, "এখনও অনেক বড় কিছু বাজার রয়েছে, যেখানে হোয়াটসঅ্যাপ-এর আধিপত্য নেই। চীনে ৫০ কোটি ব্যবহারকারী উইচ্যাট ব্যবহার করছেন, জাপানে লাইন জনপ্রিয় আর দক্ষিণ কোরিয়ার কাকাও টক বড় অবস্থানে আছে। কিন্তু নিশ্চিতভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে হোয়াটস অ্যাপ নিশ্চিতভাবে সবচেয়ে সেরা।"
২০১৪ সালে ফেইসবুক ১ হাজার ৯শ' কোটি ডলার মূল্যে হোয়াটস অ্যাপ কিনে নেয়।
