২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সপি আর ৮.১ ছাড়িয়ে উইন্ডোজ ১০

মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে ব্যবহারকারীর সংখ্যার হিসেবে এখন দ্বিতীয় স্থানে আছে উইন্ডোজ ১০। এক্সপি আর ৮.১-এর মতো পুরনো সংস্করণগুলোকে টপকে গেলেও এখনও উইন্ডোজ ৭-এর থেকে পিছিয়ে আছে উইন্ডোজ ওএসের সর্বশেষ সংস্করণটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 08:30 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

উন্মোচনের ৬ মাসের মাথায় এক্স আর ৮.১ সংস্করণকে ছাড়িয়ে গেছে উইন্ডোজ ১০ ব্যবহারকারীর সংখ্যা। ধীরগতিতে হলেও ক্রমান্বয়ে ডেস্কটপের বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে অপারেটিং সিস্টেমটি।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান নেট মার্কেট শেয়ার-এর হিসাব অনুযায়ী, জানুয়ারি মাসে বিশ্ববাজারের ১১.৮৫ শতাংশ ছিল উইন্ডোজ ১০-এ দখলে। ডিসেম্বর মাসেই ওই হার ছিল ৯.৯৬ শতাংশ। শুরুটা ধীরে হলেও শেষ কয়েক মাসে উইন্ডোজ ১০ বাজারে বেশ ভালো সাফল্য পেয়েছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

উইন্ডোজ ৮ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সম্মুখীন হয়েছিল মাইক্রোসফট। উইন্ডোজ ১০-এর ক্ষেত্রে ওএসটিকে ‘ইউজার ফ্রেন্ডলি’ প্রমাণ করার জন্য চেষ্টার কোনো কিছুই বাদ রাখেনি সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।

অন্যদিকে উইন্ডোজ ৭ আর উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীরা বিনা খরচে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করার সুযোগ পাবেন আরও ৬ মাস। ২৯ জুলাইয়ের পর আর ওই ‘ফ্রি আপগ্রেড’ অফার থাকবে না উইন্ডোজের পুরনো সংস্করণটির ব্যবহারকারীদের জন্য। এরপর উইন্ডোজ ১০-এর হোম এডিশন কেনার জন্য ব্যবহারকারীদের খরচ করতে হবে ১১৯ ডলার। ‘প্রো’ সংস্করণটির জন্য খরচ করতে হবে ১৯৯ ডলার।

বাজারে প্রচলিত সংস্করণগুলোর মধ্যে দীর্ঘ দিন শীর্ষস্থান ধরে রেখেছিল উইন্ডোজ ৭। সেই দখল ডিসেম্বর মাসে খানিকটা গলেও উইন্ডোজ ১০-এর কাছ হারিয়েছে উইন্ডোজ ৭। ডিসেম্বর মাসে বিশ্ববাজারে উইন্ডোজ ৭-এর দখল ৫৫.৬ শতাংশ থেকে ৫২.৪ শতাংশে নেমে এসেছে।