ব্যয়-হ্রাস পরিকল্পনা জানাবে ইয়াহু
চতুর্থ প্রান্তিকের আর্থিক ফলাফল ঘোষণার পরপরই প্রতিষ্ঠানের ব্যয়-হ্রাস পরিকল্পনা বিষয়ে মুখ খুলতে যাচ্ছেন ইয়াহু ইনকর্পোরেটেড-এর প্রধান নির্বাহী মারিসা মায়ার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, মায়ার-এর ওই ব্যয়-হ্রাস পরিকল্পনায় চাকরি হারাতে যাচ্ছেন ১,৬০০ ইয়াহু কর্মী এবং ইতি টানা হবে প্রতিষ্ঠানটির বেশ কিছু ব্যবসা ইউনিটের।
আর্থিক ফলাফল প্রকাশের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয় বলেই জানিয়েছেন এক ইয়াহু মুখপাত্র। অন্যদিকে অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারীরা বেশ আগে থেকেই ইয়াহুকে ব্যবসা বিক্রি করে দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগ করে আসছে বলেই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
মায়ার-এর ওই ব্যয়-হ্রাস পরিকল্পনা অ্যাক্টিভিস্ট বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পারবে কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে ব্যয়-হ্রাস করার পর অনেকেই প্রতিষ্ঠানটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে বলেই মন্তব্য করেছে রয়টার্স।
ইতোমধ্যে অবশ্য ভেরাইজন-এর তরফ থেকে জানানো হয়েছে, ইয়াহু যদি নিজ প্রতিষ্ঠান বিক্রি করতে চায়, তাহলে তারা প্রতিষ্ঠানটি কিনতে আগ্রহী। এ ছাড়া অন্যান্য সম্ভাব্য ক্রেতাদের মধ্যে মিডিয়া ও ব্যক্তি মালিকানাধীন ইক্যুয়িটি প্রতিষ্ঠান রয়েছে বলেই জানিয়েছেন বিশ্লেষকরা।
