শত কোটিতে জিমেইল
একশ’ কোটি নিয়মিত ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে ওয়েব জায়ান্ট গুগলের নিজস্ব ইমেইল সেবা জিমেইল। ২০১৫ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দার পিচাই।
গেল বছরের মে মাসে গুগল আই/ও ডেভেলপার কনফারেন্সে জিমেইলের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ৯০ কোটি বলে ঘোষণা করেছিল গুগল। সেই হিসাবে ৬ মাসে মেইলিং সেবাটিতে যোগ হয়েছে আরও ১০ কোটি নতুন ব্যবহারকারী।
২০১২ সালের মে মাসে অনুষ্ঠিত আই/ও কনফারেন্সে গুগল জানিয়েছিল ৪২ কোটি ৫০ লাখ নিয়মিত ব্যবহারকারী আছে জিমেইলের।
জিমেইল বাদে একশ’ কোটি নিয়মিত ব্যবহারকারী আছে, গুগলের মালিকানাধীন এমন ব্যবসার সংখ্যা ছয়টি। ওই তালিকায় সার্চ ইঞ্জিন, ক্রোম ব্রাউজার, অ্যান্ড্রয়েড, ম্যাপস, ইউটিউব আর গুগল প্লে আছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
শেষবার জিমেইল নিয়ে ঘোষণা দেওয়ার সময় মেইলিং সেবাটির ৭৫ শতাংশ ব্যবহারকারী মোবাইল ডিভাইস থেকে এটি ব্যবহার করছেন বলে জানিয়েছিল গুগল। তবে এবার এ প্রসঙ্গে কোনো তথ্য দেননি পিচাই।
জিমেইলের জন্য নতুন ‘ইনবক্স’ সেবা চালু করেছে গুগল। এই সেবাটিকে বিবেচনা করা হচ্ছে গুগলের নতুন পরীক্ষামূলক সেবা হিসেবে। নতুন ব্যবহারকারী আকৃষ্ট করতে খুব বেশি কার্যকর না হলেও ‘মেশিন লার্নিং’ প্রযুক্তির কার্যক্ষমতা পরীক্ষা করতে এই সেবাটি গুগলের কাজে আসছে বলে মন্তব্য করেছে টেকক্রাঞ্চ।
