ফ্রি ফুটবল স্ট্রিমিং ‘বিপজ্জনক’
ফ্রি স্ট্রিমিংয়ের মাধ্যমে অসংখ্য ফুটবল ভক্তই ফুটবল খেলা উপভোগ করে থাকেন। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় বের হয়ে এসেছে, এভাবে খেলার দেখার মাধ্যমে ফুটবল ভক্ত নিজের অজান্তেই নিজ ডিভাইসে সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ও নিরাপদ বিভিন্ন সাইটকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন।
সাম্প্রতিক ওই গবেষণা থেকে জানা গেছে, অসংখ্য সাইট অবৈধভাবে ফুটবল খেলা ফ্রি স্ট্রিমিং করে থাকে, এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইটগুলোর মাসিক ভিজিটরের সংখ্যা আশি লাখেরও বেশি। অন্যান্য সেবার মতো এই সাইটগুলোরও আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। কিন্তু অবৈধ কনটেন্ট স্ট্রিমিংয়ের কারণে তারা সেরকম বিজ্ঞাপন পান না। ফলে আয়ের হিসেবটা ঠিক রাখতে, সাইটগুলোকে হাত মেলাতে হয় ম্যালিশাস বিজ্ঞাপন দাতাদের সঙ্গে।
গবেষকরা গবেষণার সময় হাজারো স্ট্রিম সাইট পরীক্ষা করে জানিয়েছেন, ফ্রি স্ট্রিমিং করে থাকে, এরকম প্রায় অর্ধেকেরও বেশি সাইট বিজ্ঞাপনের মাধ্যমে ভিজিটরের ডিভাইসে ম্যালিশাস সফটওয়্যার ইনস্টল করে দেয়। এ ধরনের বিজ্ঞাপনের মধ্যে পপ-আপ এবং ওভারলে বিজ্ঞাপন অন্যতম।
গবেষকরা আরও জানিয়েছেন, তারা গবেষণা করতে গিয়ে দেখেছেন এরকম সাইটগুলোর তরফ থেকে ফ্রি স্ট্রিমিং সেবা পেতে ভিজিটরকে নিজ ব্রাউজারে প্লাগ-ইনস ইনস্টলের কথা বলা হয়। এসব প্লাগ-ইনস ইনস্টলের মাধ্যমে শুধু নিজের ডিভাইসই নয়, অন্যান্য নিরাপদ যেসব সাইট রয়েছে, সেগুলোকেও ব্যবহারকারীরা ঝুঁকির মুখে ফেলে দেন বলেই জানিয়েছে বিবিসি।
এ প্রসঙ্গে গবেষকদলের প্রধান জুবায়ার রাফিক বলেন, “স্ট্রিম দেখার জন্য এক্সটেনশন ইনস্টল করতে হয় এবং একবার এক্সটেনশন ইনস্টল করা হয়ে গেলে, ব্যবহারকারী তার ডিভাইস থেকে যে সাইটই ভিজিট করুক না কেন, ওই সাইটেও এই সফটওয়্যার ম্যালওয়্যার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যা অত্যন্ত বিপজ্জনক একটি বিষয়।”
