কনটেন্ট মুছতে আলোচনায় বসবে থাইল্যান্ড
‘শান্তি ও শৃঙ্খলা নষ্ট করছে’ এরকম কনটেন্ট সড়িয়ে নেওয়ার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও যোগাযোগভিত্তিক অ্যাপ ‘লাইন’-এর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে থাইল্যান্ডের সামরিক সরকার এবং ওই আলোচনায় প্রতিষ্ঠান দুটিকে সরকারের পক্ষ থেকে বুঝানোর চেষ্টা করা হবে কেন তারা এ কাজটি করতে চাচ্ছেন, ৩১ জানুয়ারি এমনটাই জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট জ্যেষ্ঠ্য এক সরকারি কর্মকর্তা।
সামরিক সরকার নিয়োজিত এনআরসিএ উপদেষ্টা কাউন্সিল আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠান দুটির নির্বাহীদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা করেছে বলেই জানিয়েছেন কাউন্সিল সদস্য মেজর জেনারেল পিসিট পাওইন।
পাওইন আরও জানান, এর আগে সামরিক সরকার এ ধরনের কনটেন্ট মুছে দেওয়ার জন্য দেশটির আদালতের নির্দেশ নিয়ে এলেও, সে ব্যাপারে দ্রুত কোনো পদক্ষেপ নেয়নি ফেইসবুক ও লাইন। এজন্য প্রতিষ্ঠান দুটির সঙ্গে আলোচনায় বসা হচ্ছে, যাতে করে পরবর্তীতে এরকম ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো দ্রুত পদক্ষেপ নেয়।
অন্যদিকে রয়টার্স জানিয়েছে, এর আগে সোশাল প্লাটফর্ম থেকে সরকারবিরোধী কনটেন্ট সড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলেও, তেমন একটা কাজ হয়নি। তবে ইতোমধ্যেই সরকারবিরোধী কনটেন্ট রয়েছে এমন হাজারো ওয়েবসাইট ব্লক করে দিয়েছে দেশটির সরকার।
এ ছাড়াও ফেইসবুকের পাশাপাশি মার্কিন প্রতিষ্ঠান গুগলকেও একই অনুরোধ জানিয়েছে বর্তমান থাই সরকার। জানুয়ারির ২২ তারিখ গুগলকে ইউটিউব থেকে কনটেন্ট মুছে দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে বলেই জানিয়েছেন পাওইন।
ফেইসবুক ও গুগলের থাই প্রতিনিধিরা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানাননি বলেই জানিয়েছে রয়টার্স।
