অ্যাপল না অ্যালফাবেট, কে হবে বিশ্বসেরা?
বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানের জায়গা থেকে টেক জায়ান্ট অ্যাপলকে হটিয়ে নিজের জায়গা বানিয়ে নেওয়ার আশা করছে ওয়েব জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।
নিজেদের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হওয়ার এমন জোরালো আশা প্রকাশ করে অ্যালফাবেট, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
২০১৫ সালে ১৬৯০ কোটি ডলার আয়ের প্রত্যাশা করে অ্যালফাবেট, যেখানে আগের বছর প্রায় ১৪৫০ কোটি ডলার ধরা হয়েছিল।
প্রায় পাঁচ বছর ধরে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের জায়গা ধরে রেখেছে অ্যাপল। কিন্তু প্রথমবারের মতো আইফোন বিক্রিতে ধীরগতির সম্মুখীন হওয়ায় মন্দার কথা স্বীকার করে প্রতিষ্ঠানটি।
২০১৫ সালের একই প্রান্তিকের তুলনায়, চলতি বছর চার হাজার কোটি ইউরো থেকে ৩.৫ হাজার কোটি ইউরোতে বিক্রি নেমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অ্যাপল।
শেষ সপ্তাহের হিসাব অনুযায়ী অ্যাপলের বাজারমূল্য ৫৪০০ কোটি ডলার আর অন্যদিকে অ্যালফাবেটের বাজারমূল্য ৫২৪০ কোটি ডলার।
মাত্র এক বছর আগে, অ্যাপলের বাজারমূল্য গুগলের তুলনায় দ্বিগুণ ছিল।
চলতি বছর ২৬ জানুয়ারিতে ২০১৫ সালের শেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে অ্যাপল। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মুনাফা বাড়লেও, আইফোন বিক্রির পরিমাণ যে হারে বৃদ্ধি পাওয়ার কথা সে হারে বাড়ছে না। যদিও শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে প্রচুর সংখ্যক আইফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এমনকি চীনের বাজারেও ভালো ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু ২০১৫ সালের শেষ প্রান্তিকে নিজেদের রেকর্ড ধরে রাখতে পারলেও, চলতি বছরের প্রথম প্রান্তিকের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে অ্যাপল নিজেই। এমনকি বিগত ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো নিজেদের বিক্রির হার কমে যেতে পারে বলেও মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।
