২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে এবার লাইভস্ট্রিমিং ভিডিও

অবশেষে মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য লাইভস্ট্রিমিং ভিডিও ফিচার নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। বেশ আগে থেকেই ফিচারটি নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল প্রতিষ্ঠানটি, এমনকি ২০১৫ সালের ডিসেম্বর মাসে পরীক্ষার একটি অংশ হিসেবে নির্বাচিত কিছু ব্যবহারকারীকেও ফিচারটি ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছিল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

নতুন লাইভস্ট্রিম ভিডিও ফিচারের সাহায্যে ফেইসবুক মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা নিজ স্মার্টফোন থেকেই দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনার ভিডিও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে পারবেন। স্ট্রিমিংয়ের পরও হারিয়ে যাবে না ওই ভিডিও, স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর টাইমলাইনে পোস্ট হয়ে যাবে। ফলে যারা লাইভ স্ট্রিমিংয়ের সময় অনুপস্থিত থাকবেন, তারাও চাইলে পরে ব্যবহারকারীর টাইমলাইন থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন।

সেবাটি সাবস্ক্রাইব করার সুযোগও থাকছে। এতে করে সাবস্ক্রাইব করে রাখা ব্যক্তি যখনই লাইভ স্ট্রিমিং শুরু করবেন, সাবস্ক্রাইবারকে সঙ্গে সঙ্গে ‘অ্যালার্ট’ করা হবে, যাতে তিনি অনলাইনে এসে লাইভ ভিডিও স্ট্রিমিংয়ে অংশ নিতে পারেন। ফেইসবুকের নতুন এই ফিচারটির কাজ অনেকটাই টুইটারের পেরিস্কোপ অ্যাপের মতো বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম স্কাইনিউজ।   

নতুন এই ফিচারটি খুঁজে পেতে ফেইসবুক মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের মোবাইল অ্যাপের ‘হোয়াট আর ইউ আপ টু?’-থেকে ‘রাইট’-এ ট্যাপ করতে হবে। এতে করে স্ট্যাটাস আপডেট উইন্ডো ওপেন হবে এবং ওই উইন্ডোর নিচের অংশে যেখানে ইমোজি, ফটোস ইত্যাদির আইকন থাকে, সেখানে নতুন এই ফিচারটিরও আইকন পাওয়া যাবে।

নতুন ওই আইকনে ট্যাপ করে চাইলে ব্যবহারকারী নিজেও লাইভস্ট্রিমিং শুরু করতে পারেন। আইকনটিতে ট্যাপ করার পর একটি টাইটেল পেইজ আসবে, সেখান থেকে ব্যবহারকারী ঠিক করে দিতে পারবেন তার ভিডিও-এর টাইটেল কী হবে এবং তার কোন কোন বন্ধুরা ওই ভিডিওটি দেখতে পারবেন। এরপর শুধু ‘গো লাইভ’-এ ট্যাপ করলেই শুরু হয়ে যাবে ব্যবহারকারীর নিজস্ব লাইভস্ট্রিমিং।